ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের দশম গ্রেডসহ ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন অনুপস্থিত থাকায় স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী।
সমিতির পক্ষ থেকে যে পাঁচটি দাবি উত্থাপন করা হয়েছে- ১. ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের দশম গ্রেড প্রদান ২. সময়োপযোগী নিয়োগবিধি প্রণয়ন ও পদোন্নতির সুযোগ সৃষ্টি ৩. মন্ত্রণালয় থেকে শতভাগ বেতন-ভাতা প্রদান ৪. অবসরকালীন শতভাগ আনুতোষিক অথবা পারিবারিক পেনশন সুবিধা ৫. স্থানীয় সরকার অধিদপ্তর গঠন। স্মারকলিপি প্রদানের সময় সংগঠনটির জেলা শাখার সভাপতি ও সকল সদস্য উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক