ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অভিযান চালিয়ে প্রায় ২৫ কেজি ওজনের একটি বিশাল গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওসমান মন্ডল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ১০ মিনিটে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে এসআই নাহিদুর রহমান সঙ্গী ফোর্সসহ জোড়াদহ ইউনিয়নের হরিশপুর খালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওসমান মন্ডল তার বাড়ির পাশের পান বরজে আড়ালে দীর্ঘদিন ধরে গাঁজা গাছ রোপণ করে ব্যবসা চালিয়ে আসছিলেন। খবরের ভিত্তিতে পুলিশ তার পান বরজে অভিযান চালিয়ে পুরোনো একটি সুবিশাল গাঁজা গাছ উদ্ধার করে। পরে ওসমান মন্ডলকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান মন্ডল গাঁজা চাষ ও ব্যবসার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অত্যন্ত সফল একটি অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা গাছসহ আটক ওসমান মন্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: