গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের রায়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যত বড়ই নেতা হোক আইনের ঊর্ধ্বে কেউ নন, অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। এখন ভারতকে দণ্ডিত শেখ হাসিনাকে অতিদ্রুত ফেরত দিতে হবে। কারণ বাংলাদেশর আইন ও সংবিধান মেনে শেখ হাসিনার বিরুদ্ধে রায় প্রদান করা হয়েছে। রাশেদ খান গতকাল সোমবার সন্ধ্যার দিকে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন। গণসংযোগের সময় গণঅধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাশেদ খান আরো বলেন, এই রায় ঘোষণার পর যদি মদি সরকার মনে করে বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত সম্পর্ক রাখবে না, শুধু হাসিনা ও তার দলের সঙ্গে সুসম্পর্ক রাখবে সেক্ষেত্রে ভারত সরকারকে বলব- আপনারা আওয়ামী লীগকে পুরোপুরি ভারতে নিয়ে যান এবং এই আওয়ামী লীগ ভারতে গিয়ে রাজনীতি করুক।
তিনি আরও বলেন, এই বাংলাদেশে শেখ হাসিনা তথা আ’লীগের কোন রাজনীতি করার অধিকার নেই। আগামী ৫০ বছরেও আওয়ামী লীগ বাংলাদেশে ফিরতে পারবে না। এদেশের ছাত্রজনতা যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে তারা আর কোন দিন আ’লীগকে রাজনীতি করার সুযোগ দিবে না। রাশেদ খান অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, শেখ হাসিনার গণহত্যাসহ নানা অপরাধের তথ্য প্রমাণ সংগ্রহ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারা ইতিহাসে মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
ঝিনাইদহ অফিস