আলমডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্থানীয় মিল-চাতাল ব্যবসায়ী আশরাফুল হক (২৭) এবং মাইক্রোবাস চালক আসলাম আলীকে (২৮) আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাতে আলমডাঙ্গার ফরিদপুর মাঠ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা একটি মাইক্রোবাস থেকে তাদের আটক করা হয়।
১৭ নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা গণহত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে বিশেষ সতর্কতামূলক অভিযান চালাচ্ছিল আলমডাঙ্গা থানা-পুলিশ। সেই অভিযানের অংশ হিসেবেই সন্দেহজনক অবস্থায় তাদের আটক করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
আটক আশরাফুল হক আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের ইউনুস আলীর ছেলে এবং ড্রাইভার আসলাম আলী একই গ্রামের লোকমান আলীর ছেলে। আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমরা সর্বোচ্চ সতর্কতায় আছি। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ নজরদারি চালাচ্ছে। মাইক্রোবাসটি সন্দেহজনক অবস্থায় থাকায় দায়িত্বের জায়গা থেকে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আলমডাঙ্গা অফিস