রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে জামায়াতের অফিস থেকে সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার

বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সমাবেশ, পুলিশ মোতায়েন
  • আপলোড তারিখঃ ০২-১১-২০২৫ ইং
ঝিনাইদহে জামায়াতের অফিস থেকে সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার সুরাট বাজারে ইউনিয়নে জামায়াতে ইসলামী অফিস থেকে সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করেছে কৃষি বিভাগ। গত শুক্রবার মধ্যরাতে খবর পেয়ে ৮ প্যাকেট সরিষার বীজ, ৪ বস্তা ডিএপি সার, ৪ বস্তা পটাশ, ১ বস্তা এমওপি সার এবং ১৯ কেজি মসুর বীজ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী মঞ্জুরুল ইসলাম জোয়ারদার জানান, শুক্রবার রাতে জামায়াতের সাইনবোর্ড লাগানো অফিসে সরকারি সার ও বীজের মজুত দেখতে পেয়ে স্থানীয় জনতা সেখানে ভিড় জমায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. জুনায়েদ হাবীব ও সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ। তারা ইউনিয়ন জামায়াত কার্যালয়ে গিয়ে সার ও বীজের মজুত দেখতে পান এবং উদ্ধার করে ঝিনাইদহে নিয়ে আসেন।


এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সভাপতি ইকবাল হোসেন, ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারি মিঠু, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন, কৃষক নাসির মণ্ডল, স্থানীয় বাসিন্দা লিয়াকত আলী, পাতা জোয়ারদার, আলম লস্কর ও ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক মনোয়ারা খাতুন।


বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার জুনায়েদ হাবীব বলেন, কৃষকের জন্য বরাদ্দকৃত সার বা বীজ রাজনৈতিক কার্যালয়ে মজুত রাখার কোনো নিয়ম নেই। এটি স্পষ্ট অনিয়ম। তিনি বলেন, সার ও বীজ কার জন্য বরাদ্দ ছিল তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন জানান, দলীয় অফিসে সরকারি বীজ ও সার রাখার নিয়ম যদি থাকে, তবে সমস্যা নেই। আর যদি না থাকে তবে কৃষি বিভাগ আইনগত ব্যবস্থা নিতে পারে। সেই বিষয়টি তিনি কৃষি বিভাগকে জানিয়েছেন।
এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের আমির ড. হাবিবুর রহমান বলেন, এই সারগুলো বিতরণ করতে করতে রাত হয়ে গিয়েছিল। যার কারণে অফিসে রাখা হয়েছিল। শনিবার সেগুলো বিতরণের কথা ছিল। কিন্তু তার আগেই রাজনৈতিক প্রতিপক্ষরা কৃষি বিভাগকে অবহিত করে এ ধরনের সার উদ্ধারের কথা মিডিয়ায় প্রচার করছে। এই সারগুলো আত্মসাৎ কিংবা অন্য কোনো উদ্দেশ্যে রাখা হয়নি। তিনি মনে করেন জামায়াতের জনপ্রিয়তায় ইর্শ্বান্বিত হয়ে প্রতিপক্ষরা অপপ্রচার চালাচ্ছে। এদিকে এ ঘটনার প্রতিবাদে জামায়াত সুরাট বাজারে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।



এদিকে, ঝিনাইদহে জামায়াতের প্রতিবাদ সমাবেশ চলাকালে বিএনপি নেতা-কর্মীরা মহড়া দিয়েছে। এসময় উভয়পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। গতকাল শনিবার সন্ধ্যার দিকে ঝিনাইদহ সদর উপজেলার সুরাট বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সুরাট বাজারে ইউনিয়ন জামায়াতের অফিস থেকে সরকারি সার ও বীজ উদ্ধারের ঘটনা নিয়ে জামায়াত প্রতিবাদ সমাবেশের আয়োজ করে। জামায়াত ঘটনাটি মিথ্যা ও স্থানীয় বিএনপির বিরুদ্ধে মব সৃষ্টি করে অপপ্রচারের অভিযোগ এনে সুরাট বাজারে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির ইকবাল হোসেন। বক্তব্য দেন জামায়াতের জেলা আমির আলী আজম মোহাম্মদ আবু বকর, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান ও আলমগীর হোসেন প্রমুখ।


জামায়াত নেতারা অভিযোগ করেন, ৫ আগস্টের পর ঝিনাইদহে জামায়াতের সমর্থন বৃদ্ধি পাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। এ কারণে তারা পরিকল্পিতভাবে সার উদ্ধারের নাটক সাজিয়ে জামায়াতকে দোষারোপ করছে। এদিকে বক্তব্য চলাকালে স্থানীয় বিএনপি কর্মী ও ইউনিয়ন মহিলা দলের আহ্বায়কের ছেলে মামুন হোসেনের নেতৃত্বে বিএনপি কর্মীরা সমাবেশে বাধা দেওয়ার চেষ্টা করে। এতে উভয়পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সুরাট বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিএনপি নেতা বিল্লাল হোসেন জানান, জামায়াতের সমাবেশ শেষ হওয়ার পর পরই বিএনপি নেতা-কর্মীরা মিছিল ও সমাবেশ করে অনলাইন ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি মহাসত্য বলে দাবি করেন। তিনি বিএনপির পাল্টা সমাবেশে অভিযোগ করেন, বিএনপি কোনো নাটকে বিশ্বাসী নয়, শুক্রবার রাতে জামায়াত অফিস থেকে সরকারি সার ও বীজ উদ্ধার করে নিয়ে গেছে কৃষি বিভাগ। কাজেই বিএনপি কখনো মিথ্যা প্রচারে বিশ্বাসী নয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত