জীবননগরে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় উপজেলার মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উথলী, মনোহরপুর ও কেডিকে ইউনিয়নের দায়িত্বশীলদের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশের মানুষ ঘুষ ছাড়া চাকরি পেতে চায়, ক্ষুধার্তের মুখে আহার তুলে দিতে চায়, বেকারমুক্ত জীবনযাপন করতে চায়। তারা চায় রাতের ঘুম হোক নিশ্চিন্ত, সম্পদ থাকুক নিরাপদ।’ তিনি আরও বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার দেশের ২৫ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। জনগণ সেই টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যবহার হতে দেখতে চায়। বিচারহীনতার প্রহসন নয়, সত্যিকারের ন্যায়বিচার দেখতে চায় জনগণ। জুলাই বিপ্লবের পর আর লাশ দেখতে চায় না তারা।’
ছাত্রশিবির প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের সাধারণ ছাত্রদের সঙ্গে মিলে লেখাপড়ার পরিবেশ বজায় রাখতে ছাত্রশিবির যেন ইতিবাচক ভূমিকা রাখে, সেটাই দেশের মানুষের প্রত্যাশা।’ তিনি আরও জানান, জামায়াত ক্ষমতায় গেলে দেশের স্বাস্থ্যসেবা খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে। চিকিৎসা মানুষের মৌলিক অধিকার- তাই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা কঠোর পরিশ্রম করছি।’
সমাবেশে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির ও দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি মো. আসাদুজ্জামান, জেলা তারবিয়্যাত সেক্রেটারি মো. জিয়াউল হক, জেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি মো. মহিউদ্দিন, জীবননগর থানা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, থানা সেক্রেটারি মো. মাহফুজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমীকরণ প্রতিবেদক