আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গায় তৃণমূল পর্যায়ে বিএনপির প্রচারণা আরও বেগবান হয়েছে। গতকাল রোববার বেলা ৪টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলুকদিয়া সাপ্তাহিক হাট থেকে ধানের শীষের পক্ষে প্রচারণা শুরু করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। এরপর তিনি ২ নম্বর ওয়ার্ডের আকুন্দবাড়িয়া গুচ্ছপাড়া, খাদিমপুর রোড, হটাৎপাড়া, হাতিকাটা আবাসন, হাতিকাটা মোড়, দৌলতদার বঙ্গজপাড়া, করিয়া গোডাউনপাড়া, ফায়ার ব্রিগেডপাড়া, দক্ষিণপাড়া ও সরদারপাড়ায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় করেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় কর্মসূচিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, ‘এবারের নির্বাচন হবে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই। বিএনপি ক্ষমতা চায় জনগণের কল্যাণে, ব্যক্তিস্বার্থে নয়। আর ধানের শীষই জনগণের আশা, আস্থা ও পরিবর্তনের প্রতীক।’
গণসংযোগে শরীফুজ্জামান শরীফ আরও বলেন, ‘আসন্ন নির্বাচন হবে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। বিএনপি সবসময় জনগণের দল, আর ধানের শীষ মানুষের আশা, আস্থা ও পরিবর্তনের প্রতীক। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ঘরে ঘরে ধানের শীষের ভিত্তি গড়ে তোলাই এখন মূল লক্ষ্য।’
তিনি বলেন, ‘মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই বিএনপির নৈতিক ও মানবিক দায়িত্ব। রাজনীতি মানে শুধু ক্ষমতায় যাওয়া নয়, মানুষের পাশে থাকা-এটাই প্রকৃত রাজনীতি। আমি চাই, চুয়াডাঙ্গার প্রতিটি মানুষ জানুক-তারা একা নয়। জেলা বিএনপি সবসময় জনগণের সুখে-দুঃখে পাশে ছিল, আছে এবং থাকবে।’
তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা প্রসঙ্গে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা দেশের মানুষের মুক্তির সনদ। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। আমরা জনগণের পক্ষে আছি। তারেক রহমানের নেতৃত্বে সাম্য, মানবিকতা ও সম্প্রীতির বাংলাদেশ গঠনের লড়াইয়ে আমরা অবিচল থাকব।’
তিনি আরও বলেন, ‘তারেক রহমানের ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র পুনর্গঠনের পরিকল্পনা। এই কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার, প্রশাসনিক ভারসাম্য ও ন্যায়বিচার নিশ্চিত হবে। তরুণ প্রজন্মকে এই রূপরেখা জানতে হবে এবং দেশ পুনর্গঠনের অগ্রযাত্রায় যুক্ত হতে হবে, কারণ তারাই আগামী বাংলাদেশের চালিকাশক্তি।’
বিএনপির লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতা চায় জনগশেণর কল্যাণে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণ ফিরে পাবে ভোটাধিকার, বিচারহীনতার অবসান ঘটবে এবং প্রশাসন ও অর্থনীতি নতুনভাবে পুনর্গঠিত হবে।’
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে শরীফুজ্জামান আরও শরীফ বলেন, ‘এখন সময় ঘরে ঘরে পৌঁছে যাওয়ার, প্রতিটি ভোটারকে অনুপ্রাণিত করার এবং ধানের শীষের পক্ষে জনসমর্থন আরও সুদৃঢ় করার। ঐক্য, সাহস ও সততার মধ্য দিয়েই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সহসভাপতি ইবাদত হোসেন, মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, নির্বাহী সদস্য জাহিদ হাসান টিপু, ধর্ম বিষয়ক সম্পাদক রোকোনুজ্জামান রোকন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ছালাম বিপ্লব।
এছাড়া উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন ঢাকালে, সিনিয়র সহ-সভাপতি ইখলাস হোসেন, সাধারণ সম্পাদক আখতার হোসেন, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ হাসান এবং সদর উপজেলা ওলামা দলের সভাপতি শরীফুজ্জামান সুমনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকগণ।
নিজস্ব প্রতিবেদক