রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবি
  • আপলোড তারিখঃ ২৬-০৯-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

‘ভয় পাবোনা দাপটে, জবাব দিবো ব্যালট’ এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখা। কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবির আলোকে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চুয়াডাঙ্গা পৌর মুক্তমঞ্চে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন।


সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন জরুরি। আর তা সম্ভব পিআর পদ্ধতির মাধ্যমে। জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনী ব্যবস্থা পুনর্গঠন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা ৫ দফা দাবির ভিত্তিতে রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। এই আন্দোলন শুধু জামায়াতের নয়, এটা জনগণের অধিকার আদায়ের আন্দোলন। জুলাই মাসে ঘোষিত কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।’ বক্তব্যে অ্যাড রুহুল আমিন আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতের অংশগ্রহণের প্রস্তুতির কথাও জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চ এলাকায় এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন।


সমাবেশে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, পৌর জামায়াতের আমির অ্যাড. হাসিবুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির বেলাল হুসাইন, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, ইউনিট সদস্য আব্দুর রউফ এবং শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি কাইমুদ্দিন হিরোক।


বক্তারা বলেন, দেশে বর্তমানে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার বিপন্ন। তাই জনগণের সম্মিলিত আন্দোলনের মাধ্যমেই পরিবর্তন আনতে হবে। তাঁরা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, সব দলের অংশগ্রহণে নির্বাচন, পিআর ভিত্তিক ভোটিং ব্যবস্থা, গ্রেপ্তার-হয়রানি বন্ধ এবং জামায়াতের সাংগঠনিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান।


৫ দফাগুলো হলো- ১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন। ২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. সরকারকে জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা। 



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত