চুয়াডাঙ্গার সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদায় ছাদ থেকে পড়ে হৃদয় আলী (২২) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা পৌনে দুইটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বেলা একটার দিকে সদর উপজেলার দর্শনা থানাধীন গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা বাজারের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে যান তিনি। নিহত হৃদয় ইউনিয়নের কালুপোল মাঝপাড়ার রায়হান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১টার দিকে খাড়াগোদা বাজারে আমিরুল ইসলামের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদের শাটারিংয়ের কাজ চলছিলেন হৃদয়। বাঁশ ও কাঠ দিয়ে কাঠামো তৈরির সময় হৃদয় উপরে অবস্থান করছিলেন তিনি। এসময় হঠাৎ অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাজমিস্ত্রীর প্রধান শহিদুল ইসলাম জানান, হৃদয় শাটারিংয়ের উপর কাজ করছিল। হঠাৎ করে নিচে পড়ে যায়। আমরা ছুটে গিয়ে দেখি তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। পরে দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করি। কিন্তু কিছুক্ষণ পরই সে মারা যায়।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন জানান, তার অবস্থা শঙ্কাজনক ছিলো। তাৎক্ষণিক চিকিৎসার জন্য তাকে ওয়ার্ডে পাঠানো হয়। তবে, কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।
বেলা পাঁচটায় শেষ খবর পাওয়া পর্যন্ত তার মরদেহ সদর হাসপাতালের লাশঘরে রাখা ছিল।
নিজস্ব প্রতিবেদক