চুয়াডাঙ্গায় ওষুধ প্রশাসন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটা থেকে ঘণ্টাব্যাপী পৌর শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড সড়কের বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান চালানো হয়। অভিযানে নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রি ও সংরক্ষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
এসময় উর্মি মেডিকেল হলে তদারকির সময় রেজিস্ট্রেশনবিহীন ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল এবং প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারার লঙ্ঘনের অপরাধে উর্মি মেডিকেলকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে জব্দ করা হয় রেজিস্ট্রেশনবিহীন, ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ। এসময় উপস্থিত ছিলেন জেলা ওষুধ প্রশাসন কার্যালয়ের ওষুধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল। অভিযান পরিচালনায় সহযোগিতা করে জেলা পুলিশের একটি দল।
নিজস্ব প্রতিবেদক