চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯৩ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাসের তত্ত্বাবধানে এসআই রাসেল মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ফেনসিডিল ও মোটরসাইকেল উদ্ধার করেন।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার উথলী ইউনিয়নের উথলী আখ সেন্টারপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে জাহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ি থেকে ৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি জাহিদুল ইসলাম পালিয়ে যায়।
অভিযানে উদ্ধার হওয়া ৯৩ বোতল ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮৯ হাজার টাকা এবং মোটরসাইকেলের মূল্য এক লাখ ২০ হাজার টাকা। জব্দ তালিকা মোতাবেক এগুলো জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।
ওসি মামুন হোসেন বিশ্বাস জানান, এ ঘটনায় পলাতক আসামি জাহিদুল ইসলামের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জীবননগর অফিস