দর্শনায় সাংবাদিকরা মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের কাছে নিরাপদ নয়। গতকাল সোমবার দুপুরে দর্শনা কেরু ডিস্টিলারি গেটের সামনে ওয়াসীম নামের ১০-১২টি মামলার আসামি সাংবাদিকদের হুমকি-ধমকি দেওয়ার পর দর্শনা প্রেসক্লাবের জরুরি সভায় এই কথা বলা হয়। এর আগে তিনি দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলের সামনে সাংবাদিকদের গালিগালাজ ও মেরে ফেলার হুমকি দিয়ে প্রেসক্লাব ভেঙে ফেলার হুমকি দেন।
এ ঘটনার পর দর্শনা প্রেসক্লাবে গতকাল রাত সাড়ে ৭টার দিকে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় ওই ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়ালের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সহসভাপতি চঞ্চল মেহমুদ, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সম্পাদক হাসমত আলী, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, আহসান হাবীব মামুন, ওসমান আলী, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, সদস্য ওয়াসিম রয়েল, বাঁধন, আবিদ হাসান রিফাত, সাব্বির, আলীম প্রমুখ।
দর্শনা অফিস