চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেছেন, ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিন।’ গতকাল সোমবার সন্ধ্যা সাতটায় আলমডাঙ্গা উপজেলার ডাউকি ও জামজামি ইউনিয়নের বিল পাঁচলিয়া, মাঠ পাঁচলিয়া, হাট পাঁচলিয়া, বানিনাথপুর, টেক পাঁচলিয়া, চরপাড়া ও বেগুয়ারখালি গ্রামে গণসংযোগকালে তিনি এ আহ্বান জানান।
মাসুদ পারভেজ বলেন, স্বাধীনতার ৫৩ বছর পার হলেও দেশের মানুষ এখনো সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা পায়নি। দেশের সম্পদ লুট করে বিদেশে ‘বেগমপাড়া’ গড়ে তোলা হয়েছে। অথচ আমাদের পর স্বাধীন হওয়া অনেক দেশ উন্নতির শিখরে পৌঁছে গেছে। দুর্নীতি ও লুটপাটের কারণেই বাংলাদেশ পিছিয়ে আছে।
তিনি আরও বলেন, ‘আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, ভাতের অধিকার নিশ্চিত করতে চাই। এলাকায় উন্নয়ন আনতে চাই, বেকার সমস্যার সমাধান করতে চাই। ২৪ জুলাইয়ের বিপ্লব ও গণঅভ্যুত্থানের চেতনা ছিল দুর্নীতিমুক্ত দেশ গড়ার। আজও যদি কেউ রাস্তা, মসজিদ বা কালভার্টের টাকা মেরে খায় কিংবা চাঁদাবাজি করে, তবে সেটা সেই চেতনার পরিপন্থী। যতদিন ২৪ জুলাই থাকবে, দুর্নীতি ও চাঁদাবাজির ঠাঁই এই মাটিতে হবে না।’
অনুষ্ঠানে জেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, উপজেলা নায়েবে আমির ইউসুফ মাস্টার, শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি মেহেদী হাসান, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, ডাউকি ইউনিয়ন আমির সজিবুর রহমান, জামজামি ইউনিয়ন আমির ফজলুর রহমানসহ জামায়াত ও শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ডাউকি ইউনিয়ন শাখার ৪ নম্বর ওয়ার্ড বাদেমাজুতে নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মাসুদ পারভেজ রাসেল। এতে সভাপতিত্ব করেন ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মো. সাইদুল ইসলাম এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি ডা. আব্দুস সালাম। সভায় উপস্থিত জনতার মধ্যে থেকে ৩৮১ সদস্যবিশিষ্ট গ্রাম কমিটি গঠন করা হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ কমিটির মাধ্যমেই আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার বিজয় নিশ্চিত করা হবে।
নিজস্ব প্রতিবেদক