চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলাতদিয়াড় গ্রামের দক্ষিণপাড়ায় গণসংযোগে অংশ নিয়ে চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেছেন, ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন।’ গতকাল বুধবার সন্ধ্যা সাতটায় ইউনিয়ন জামায়াত আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছর পার হলেও দেশের মানুষ এখনো সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার নিশ্চয়তা পায়নি। বাংলাদেশের সম্পদ লুট করে বিদেশে বেগমপাড়া তৈরি করা হয়েছে। অথচ আমাদের পর স্বাধীন হওয়া অনেক দেশ আজ উন্নতির শিখরে পৌঁছেছে। দুর্নীতি ও লুটপাটের কারণে আমরা পিছিয়ে আছি। জনগণের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, এলাকায় উন্নয়ন আনতে চাই, বেকার সমস্যার সমাধান করতে চাই।’
২৪ জুলাইয়ের ‘বিপ্লব ও গণঅভ্যুত্থান’-এর প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘যদি এখনো কেউ রাস্তা, মসজিদ, কালভার্ট মেরে খায় কিংবা চাঁদাবাজি করে খায়, তবে সেটা গণঅভ্যুত্থানের চেতনার সাথে যায় না। ২৪ জুলাই যতদিন থাকবে, দুর্নীতি আর চাঁদাবাজির ঠাঁই এই মাটিতে হবে না।’ এসময় উপস্থিত ছিলেন আব্দুল মমিন, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, সেক্রেটারি মোস্তফা কামাল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সহসভাপতি রাব্বি হাসান, জাকির হোসেন ও আলুকদিয়া ইউনিয়নের নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক