ঝিনাইদহের শৈলকূপায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় রফিকুল ইসলাম নামের এক যুবককে আটক করা হয়। গত সোমবার মধ্যরাতে উপজেলার দেবীনগর গ্রাম থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয় । গতকাল মঙ্গলবার বিকেলে শৈলকূপা থানার ওসি মাসুম খান এসব তথ্য নিশ্চিত করেন। আটককৃত রফিকুল দেবীনগর রামচন্দ্রপুর এলাকার মৃত মোকছেদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ২ নম্বর মির্জাপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী। এসময় দুটি পিস্তল, পিস্তলের ব্যারেল, ৫টি রাম দা, হাতুড়িসহ দেশীয় অস্ত্র উদ্ধার হয়। ঘণ্টাব্যাপী অভিযানে রফিকুল ইসলামের বাড়ি থেকে এসব অস্ত্র এবং সরঞ্জামাদি উদ্ধার করে সেনাবাহিনী। শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, রাতেই শৈলকুপা থানা-পুলিশের নিকট উদ্ধারকৃত অস্ত্র ও অস্ত্র তৈরি সরঞ্জামাদি হস্তান্তর করা হয়েছে। আটক রফিকুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হবে।
ঝিনাইদহ অফিস