মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে পুকুরের পানিতে ডুবে আয়েশা খাতুন (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে হাড়াভাঙ্গা গ্রামের সেন্টার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা হাড়াভাঙ্গা গ্রামের ভ্যানচালক রহিদুল ইসলামের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের পুকুরপাড়ে আয়েশা একা খেলছিল। হঠাৎ কোনো এক সময় সে পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তার মা পুকুরপাড়ে গিয়ে আয়েশার মরদেহ পানিতে ভাসতে দেখেন। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে মরদেহ উদ্ধার করেন।
কাজিপুর ইউনিয়ন পরিষদের সদস্য মহিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এটি অত্যন্ত হৃদয়বিদারক। শিশুদের নিয়ে আরও সচেতন থাকা দরকার, যেন এমন দুর্ঘটনা আর না ঘটে।’ এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া না গেলেও একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
প্রতিবেদক গাংনী