মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় মণ্টু মিয়া (৫০) নামের এক পথচারী এবং মোটরসাইকেল আরোহী রনি (১৮) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল চালক মোস্তাক হোসেন (২০)। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে গাংনী উপজেলার তেরাইল বাজার এলাকায় মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মণ্টু মিয়া তেরাইল বাজারপাড়ার মৃত কাতল আলীর ছেলে এবং রনি একই গ্রামের রতন আলীর ছেলে। আহত মোস্তাক হোসেন ছাতিয়ান গ্রামের মকবুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তেরাইল থেকে বামুন্দি বাজারমুখী মোটরসাইকেলটি একটি গরুর গাড়িকে ওভারটেক করার সময় পথচারী মণ্টু মিয়াকে ধাক্কা দেয়। এতে মণ্টু মোটরসাইকেল চালক মোস্তাক এবং আরোহী রনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মণ্টুকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাসমেরী নাহার বলেন, ‘মণ্টু মিয়া হাসপাতালে আনার আগেই মারা যান। রনিকে উন্নত চিকিৎসার জন্য কষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়াতে মারা যায় রনি।’ গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
প্রতিবেদক গাংনী