বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ, গোপালগঞ্জে এনসিপির গাড়ি বহরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের বিচারের দাবিতে মেহেরপুরের গাংনীতে মশাল মিছিল করা হয়েছে। গতকাল বুধবার রাতে গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন। মশাল হাতে নিয়ে নেতা-কর্মীরা বিভিন্ন প্রকার স্লোগান দেন।
বক্তব্যে তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানকারীদের কঠোর হুঁশিয়ারি করে আসাদুজ্জামান বাবলু বলেন, বেগম খালেদা জিয়া বলেছেন, গোপালির নাম মুছে ফেলব। আজকে সময় এসেছে সেই গোপালগঞ্জের নাম মুছে ফেলার। নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের এই হামলা জঘন্য এবং ন্যাক্কারজনক। অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক সাজা দাবি করেন তিনি।
রাতে হাসপাতাল বাজারস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে বাস স্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসাইন, স্বেচ্ছাসেবক দলের নেতা শাহজাহান সেলিম, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রেজওয়ানুল হক ইমন, গাংনী পোর জাসাসের সাধারণ সম্পাদক সুলেরী আলভী, যুবদল নেতা সাহিবুল ইসলাম, ঢাকা কলেজ ছাত্রদল নেতা রাশেদুল, কৃষক দল নেতা আমিরুল ইসলাম, পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইয়ামিন হোসেন বাবলু ও সাবেক পৌর কাউন্সিলর নাছির উদ্দীনসহ নেতৃবৃন্দ।
প্রতিবেদক গাংনী