মেহেরপুরের গাংনীতে প্রমিলা প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা মিনি স্টেডিয়ামে এর আয়োজন করা হয়। খেলায় রংপুর ফুটবল দল ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে ঢাকা ফুটবল দলকে। মাঠে রেফারির দায়িত্ব পালন করেন ফিফার প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি আব্বাস আলী। সহকারী রেফারির দায়িত্বে ছিলেন আরাফাত রহমান বিপ্লব, মনিরুল ইসলাম ও সাইফুল ইসলাম টুটুল।
প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাহারবাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু। খেলাটির ধারাভাষ্যে ছিলেন বিএনপি নেতা সুরেলী আলভী। এদিকে, খেলাটি ঘিরে স্টেডিয়ামে ছিল উৎসবমুখর পরিবেশ। হাজারো নারী-পুরুষ ফুটবলপ্রেমী স্টেডিয়ামের গ্যালারিসহ আশপাশের ভবনের ছাদে ভিড় জমিয়ে খেলা উপভোগ করেন।
প্রতিবেদক গাংনী