ঝিনাইদহের শৈলকূপা উপজেলার গড়াই নদীতে ধরা পড়েছে বিলুপ্তপ্রায় জলজ প্রাণী ‘শুশুক’। ডলফিন প্রজাতির এই জলজ প্রাণী স্থানীয়ভাবে ‘শিশু’ নামে পরিচিত। ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার বিকেলে শৈলকূপার হাকিমপুর ইউনিয়নের সুবিদ্দাহ গোবিন্দপুর শ্মশান সংলগ্ন গড়াই নদীতে। নদীতে মাছ ধরার সময় স্থানীয় এক জেলের জালে শুশুকটি ধরা পড়ে।
স্থানীয় মৎস্যজীবী বিধান ও বিপুল মাঝি জানান, হঠাৎ করেই জালে উঠে আসে অচেনা জলজ প্রাণীটি। পরে পাড়ে উঠানো হলে প্রাণিটি মারা যায়। ঘটনা জানাজানি হলে নদীপাড়ে ভিড় জমায় উৎসুক জনতা। এ বিষয়ে হাকিমপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খিলাফত বিশ্বাস বলেন, বিকেলে ঘটনা জানতে পেরে সংশ্লিষ্ট জেলেদের প্রাণীটি নদীতে ছেড়ে দিতে বলা হয়েছিল। তবে জালে আটকে গিয়ে সেটি পাড়ে তোলার পর মারা যায়। পরে বনবিভাগের লোকজন প্রাণীটি নিয়ে যায়।
তবে ঝিনাইদহ বনবিভাগের কর্মকর্তা গিয়াস উদ্দীন মুকুল বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই। কেউ আমাদের কিছু জানায়নি।’ শৈলকূপা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, একজন জেলের জালে শুশুকটি ধরা পড়ে। পাড়ে তোলার পর শুশুকটির মারা যায় বলে জেনেছি।
ঝিনাইদহ অফিস