অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক ভারতীয় নারীকে আটক করেছে বিজিবি। গত রোববার রাত ১০টার দিকে সীমান্ত পিলার-৬০/১০৫ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। গতকাল সোমবার মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। আটক ভারতীয় নারীর নাম ফাল্গুনী রায় (২৮)। তিনি ভারতের নদীয়া জেলার বনগাঁ থানার আরশিংড়ী গ্রামের মৃত বিশ্বনাথ রায়ের মেয়ে।
বিজিবি জানায়, দুই বছর আগে ফাল্গুনী যশোর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন এবং ঝিকরগাছা উপজেলার গদখালী গ্রামে খালার বাড়িতে বসবাস শুরু করেন। এর আগে গত ২৫ এপ্রিল প্রথম দফায় ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে কুমিল্লাপাড়া বিওপি’র বিজিবি সদস্যরা তাকে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করে। ওই ঘটনায় মামলা হলে তিনি ৫০ দিন কারাভোগ করেন।
গত রোববার দ্বিতীয়বারের মতো একই পথ দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে পুনরায় বিজিবি সদস্যরা তাকে আটক করে এবং সোমবার দুপুরে থানায় সোপর্দ করে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, আটক ভারতীয় নারীকে আদালতে সোপর্দ করা হবে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সমীকরণ প্রতিবেদক