ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আসাননগর এলাকায় ট্রাকচাপায় এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তিযোদ্ধার নাম গোলাম বারিক মন্ডল (৭৬)। তিনি উপজেলার উমেদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত হামেদ আলী মন্ডলের ছেলে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী লিমা বেগম।
স্থানীয়রা জানায়, গোলাম বারিক মন্ডল স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে ভাটই বাজার থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন। পথে আসাননগরে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে লিমা বেগম পেছন দিক থেকে ছিটকে পড়ে গেলেও বারিক মন্ডল মোটরসাইকেলসহ ট্রাকের নিচে পড়ে যান। এরপর ট্রাকটি তাকে প্রায় ২০০ গজ টেনে নিয়ে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। আহত লিমা বেগমকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
এ বিষয়ে আরাপপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে, তবে চালক পলাতক রয়েছে।’
ঝিনাইদহ অফিস