২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে রোপা আমন আবাদে উৎসাহ দিতে গাংনী উপজেলায় ১ হাজার ৯৪০ জন কৃষককে কৃষি প্রণোদনা প্রদান করা হয়েছে। প্রতিটি কৃষক পরিবারকে দেওয়া হয়েছে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। এছাড়া নারিকেল চাষ সম্প্রসারণে প্রতিটি পরিবারকে ৫ থেকে ১০টি করে নারিকেল চারা প্রদান করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে গাংনী উপজেলা চত্বরে এ প্রণোদনা সহায়তা প্রদান করা হয়। উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন। উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান বাবলু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, সরকার কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়াতে নিয়মিত প্রণোদনা দিয়ে আসছে। এ কার্যক্রমের মাধ্যমে কৃষকেরা আধুনিক ও টেকসই কৃষিতে উদ্বুদ্ধ হবেন। উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন জানান, এবারের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকেরা উন্নত জাতের বীজ ও সারের পাশাপাশি ফলজ গাছের চারা পাচ্ছেন, যা ভবিষ্যতে তাদের আয়ের নতুন উৎস হয়ে উঠবে।
প্রতিবেদক গাংনী