দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামের আনারুলের বসতবাড়ি থেকে ১২টি জীবিত গোখরা সাপ ও ৪০টি সাপের ডিম উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এলাকার মানুষের মাঝে সাপ আতঙ্ক বিরাজ করছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে এই সাপ ও ডিম উদ্ধার করা হয়।
জানা যায়, দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আনারুলের একটি পরিত্যক্ত মাটির ঘরে সব দেখতে পেয়ে একই গ্রামের কুদ্দুস আলী ছেলে মতিয়ারকে খবর দেয়। এ সময় মতিয়ার সাপের উপস্থিতি টের পেয়ে মাটি খুঁড়তে থাকে। এ সময় তিনি দুইটি প্রাপ্তবয়স্ক সাপ ধরতে সক্ষম হয়। পরে মাটি খুঁড়তে খুঁড়তে বেরিয়ে আসে আরও দশটি গোখরা সাপ ও ৪০টি সাপের ডিম। পরে সাপের ডিমগুলো নষ্ট করে মাটিতে পুঁতে ফেলা হয়। আর সবগুলো সাপুড়িয়া মতিয়ারের হেফাজতে রাখা হয়। পরে এলাকার মানুষের অনুরোধে সাপের খেলা দেখান সাপুড়িয়া।
এতগুলো সাপ ও সাপের ডিম পাওয়ায় বাড়ির আশেপাশের লোকজনের মধ্যে সাপের আতঙ্ক বিরাজ করছে।
প্রতিবেদক দামুড়হুদা