রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
ঝিনাইদহে মাদকের বিস্তার ভয়ংকর পর্যায়ে, আইনশৃঙ্খলা কমিটির সভায় উদ্বেগ

শহর-গ্রামে হাত বাড়ালেই মেলে মাদক, ঝুঁকির মুখে যুবসমাজ

  • আপলোড তারিখঃ ১৬-০৬-২০২৫ ইং
শহর-গ্রামে হাত বাড়ালেই মেলে মাদক, ঝুঁকির মুখে যুবসমাজ

ঝিনাইদহ জেলায় মাদকের ছড়াছড়ি ও ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে। মাদকের এই নতুন উত্থানে উদ্বিগ্ন হয়ে পড়েছে জেলার মানুষ। অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছে, যেন হাত বাড়ালেই মিলছে মাদক। মাদকের এই নীল ছোবলে আক্রান্ত হচ্ছে যুবসমাজ। পাড়ায় পাড়ায় মাদক নিয়ে তৈরি হচ্ছে কিশোর গ্যাং। ভয়াবহ এই পরিস্থিতিতে মাদকের বিরুদ্ধে সম্মিলিত ঐক্য গড়ে তুলে তা নির্মূলের তাগিদ দিয়েছেন ঝিনাইদহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ জেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনের কর্মকর্তা ছাড়াও রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আইনশৃঙ্খলা কমিটির সভায় ঝিনাইদহ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ‘ঠুঁটো জগন্নাথ’ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করার জন্য বিশেষভাবে তাগিদ দেওয়া হয়।

সভায় বলা হয়, জেলা ও উপজেলা শহরে ব্যাপকভাবে মাদক ছড়িয়ে পড়েছে। শহর থেকে গ্রাম পর্যন্ত মাদকের এই সহজলভ্যতা যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মাদক কেনাবেচা যে হারে বৃদ্ধি পাচ্ছে, সেভাবে পুলিশ, র‌্যাব ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হচ্ছে না মর্মে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। 

গোয়েন্দা সূত্রে জানা গেছে, ঝিনাইদহ শহরের ঝিনুকমালা আবাসন, খাজুরা আম বাগান, এতিমখানার মোড়ে, পবহাটি কলা বাজারের উত্তর পাশে, আরাপপুর ব্রিজ, কেন্দ্রীয় বাস টার্মিনালের পূর্ব ও উত্তর পাশে, ষাটবাড়িয়া, কাঞ্চননগর চার রাস্তার মোড়ে ও প্রান্তিক পার্কের পশ্চিম দিকের কলবাগান, পানি উন্নয়ন বোর্ডের সুইপার কলোনি, চাকলাপাড়া মির্জা মহলের পিছনের আম বাগানে মাদক কেনা-বেচা হচ্ছে। এছাড়া শহরের পাগলাকানায় বেকা ব্রিজের দক্ষিণ পাড়া, পাগলাকানাই মোড় থেকে খালপাড়, কাঞ্চনপুর, ট্রাক টার্মিনাল, হামদহ পাড়ার পশ্চিম দিকে কাঞ্চনপুরের ভিতরে, হামদহ বাইপাস মোড়, হামদহ লাশ কাটা ঘর এলাকা, হামদহ পাওয়ারহাউজের পাশে, হামদহ টুভুটিয়ারগাতি বাইপাস রোড, ব্যাপারীপাড়া ঢাকালে পট্টি, বৌ বাজার, শাপলা চত্বর, জোড়া পুকুর এলাকা, সরকারি বালক বিদ্যালয়ের মাঠের পশ্চিম উত্তর কোনে, পলিটেকনিক কলেজের পিছনে, বিসিকের পূর্ব পাশে, জোহান পার্কের পিছনে ও টিভি রিলে সেন্টার এলাকায় ভ্রাম্যমাণ মাদক বিক্রেতারা প্রতিদিন মাদক কেনা-বেচা করছে। 

আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদকের ভয়াবহতা তুলে প্রতিকার ও প্রতিরোধের আহ্বান জানিয়ে বক্তব্য দেন, ঝিনাইদহ আড়াই’শ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, ঝিনাইদহ চেম্বারের সভাপতি মোয়াজ্জেম হোসেন, বিএনপির আব্দুল মজিদ বিশ^াস, জামায়াতের আব্দুল আওয়াল, সুশীল সমাজের প্রতিনিধি অ্যাড হুমায়ন বাবর ফিরোজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবু হুরায়রা ও ঝিনাইদহ পৌরসভার সাবেক কাউন্সিলর বুলবুলি খাতুন। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল ও পুলিশ সুপার মনজুর মোরশেদ মাদক নির্মূলে সবাইকে সহায়তা করার আহ্বান জানিয়ে বলেন, মাদক কেনাবেচা বন্ধে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। এ বিষয়ে তাঁরা মাদকের স্পট ও মাদক কারবারিদের তথ্য প্রদানের আহ্বান জানান।  



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত