আলমডাঙ্গার ডাউকি ইউনিয়ন পরিষদ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ আসর ডাউকি ইউনিয়ন পরিষদ মাঠে ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
তিনি বলেন, জামায়াত শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, রাজনীতি, সমাজ নীতি, অর্থ নীতি, ধর্মীয় নীতিসহ সকল রীতিনীতি নিয়েই বাংলাদেশ জামায়াতে ইসলামী। এককথায় একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন। আর জামায়াতের লক্ষ্য উদ্দেশ্য ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ থেকে জুলুমের অবসান। অসহায় মানুষের কল্যাণে জামায়াত সাধ্য অনুযায়ী নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের দোয়া, সমর্থন ও আন্তরিক ভালবাসা চাই।
অনুষ্ঠানে এছাড়া বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য, জেলা সমাজ কল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসাইন, জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ টিপু, জেলা আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, জেলা মজলিসে শূরার সদস্য, আলমডাঙ্গা উপজেলা আমির, সাবেক ছাত্রনেতা প্রভাষক শফিউল আলম বকুল, আলমডাঙ্গা উপজেলা সহকারী সেক্রেটারি বিলাল হুসাইন, আলমডাঙ্গা উপজেলা শুরা সদস্য, ডাউকি ইউনিয়ন শাখার আমির, সাবেক ছাত্রনেতা সজিবুর রহমান, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো. আক্তারুজ্জামান ও মো. বায়েজিদ হোসেন।
উপস্থিতদ ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম, বদর উদ্দিন, আনিছুর রহমান মেম্বার, ডা. আব্দুস সালাম, নিজাম উদ্দিন, নুরুল ইসলাম, বাদল উদ্দিন, শরিফুল ইসলাম প্রমুখ।
আলমডাঙ্গা অফিস