বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জামায়াতে ইসলামী জেলা আমির রুহুল আমিন বলেছেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাদক মুক্ত, অছাত্র মুক্ত একটি সংগঠন। এই সংগঠন আগামী নির্বাচনে এ দেশে ন্যায্যতার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আদর্শ এ সংগঠন ইসলামী শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে যথাযথ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। আমরা একটি ইনসাফভিত্তিক আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে চাই। এ জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। বাংলাদেশে রাষ্ট্র পরিচালনায় জামায়াতের নেতৃত্ব পরীক্ষিত। আমাদের মুহতারাম জাতীয় নেতৃবৃন্দ বড় বড় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন কিন্তু কেউ একটি টাকা দুর্নীতির প্রমাণ দেখাতে পারেনি। আমাদের সেই সৎ আদর্শবান দায়িত্বশীলদেরকে বিচারের নামে অবিচার চালিয়ে শহীদ করা হয়েছে। আমরা আমাদের শহীদদের দেখানো পথে চলতে চাই। সততার দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমাদেরকে জনগণের সেবা করার সুযোগ দিন, আমরা সন্ত্রাস দুর্নীতিমুক্ত সমাজ উপহার দেব।’
গত রোববার বেলা একটায় চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগনগর কিন্ডারগার্টেন স্কুলের হলরুমে ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা শাখার ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, সাবেক জেলা সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু, হাফেজ বিলাল হুসাইন, আবুল কালাম আজাদ, শরিফুল ইসলাম ও তরিকুল ইসলাম।
নিজস্ব প্রতিবেদক