আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা থানাধীন আইলহাঁস ইউনিয়নের মধুপুর গ্রামের এক পুকুরের পাশ থেকে মদসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মধুপুর গ্রামের মৃত লোকসার মণ্ডলের ছেলে মো. লাল্টু (৪১), একই গ্রামের সানোয়ার মণ্ডলের ছেলে আব্দুর রাজ্জাক (৪৫) ও ডাউকি গ্রামের মৃত আফছার মণ্ডলের ছেলে ইখলাস মণ্ডল (৫০)।
জানা যায়, বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই তারিফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপনে সংবাদ পান আইলহাঁস ইউনিয়নের মধুপুরে একটি পুকুরের কাছে কয়েকজন ব্যক্তি চোলাই মদসহ অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে ১৫ লিটার মদসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

অপর দিকে, আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ শ গ্রাম গাঁজাসহ দুজন আটক হয়েছে। গত বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই সঞ্জিত সাহা ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে আলমডাঙ্গা থানাধীন হারদী মীর শামসুদ্দীন আহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান গেইটের সামনে থেকে ৫ শ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করেন। আটককৃতরা হলেন- ওসমানপুর গ্রামের মৃত অমূল্য মোল্লার ছেলে মো. আজিজুল হক মোল্যা ঝণ্টু (৫০) ও পাঁচকমলাপুর গ্রামের মৃত কুরবান আলীর ছেলে মো. বশির উদ্দিন (৪৭)। আটককৃতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।