দামুড়হুদার কার্পাসডাঙ্গা মারকাযুস সুন্নাহ তাহফিযুল কুরআন মাদ্রাসার পরিচালক হাফেজ তরিকুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে কার্পাসডাঙ্গা বাজারে স্থানীয় সর্বস্তরের তৌহিদী জনতা, ওলামায়ে কেরাম এবং সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হাফেজ তরিকুল ইসলামের উপর যে নৃশংস ও কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে, তা কোনো সুস্থ ও সভ্য সমাজ মেনে নিতে পারে না। অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন এখনও তাদের উপযুক্ত শান্তির আওতায় আনতে পারেনি, যা অত্যন্ত দুঃখজনক।’
বক্তারা অবিলম্বে এ হামলার মূল পরিকল্পনাকারী ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায়, ভবিষ্যতে আরও কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন উপস্থিত প্রতিবাদকারীরা। মানববন্ধনে এলাকার বিশিষ্ট আলেম-ওলামা, স্থানীয় বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন।
সমাবেশ শেষে হাফেজ তরিকুল ইসলামের দ্রুত সুস্থতা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
প্রতিবেদক কার্পাসডাঙ্গা