বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দুর্নীতির মামলা থেকে বাঁচতে ভুয়া দুদক কর্মকর্তাকে ঘুষ দিলেন স্বাস্থ্য কর্মকর্তা

  • আপলোড তারিখঃ ১১-১১-২০২১ ইং
দুর্নীতির মামলা থেকে বাঁচতে ভুয়া দুদক কর্মকর্তাকে ঘুষ দিলেন স্বাস্থ্য কর্মকর্তা
দুর্নীতি দমন কমিশনের খুলনা অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজি করার দায়ে শরীফ মিয়া নামে এক ভুয়া দুদক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। মোহাম্মদ শরীফ মিয়া ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পরশিপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় ঝিনাইদহের কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। জানা গেছে, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা শিরিন লুবনার বিরুদ্ধে করোনাকালীন সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। তদন্তে টাকা আত্মসাতের ঘটনা প্রমাণিত হলেও স্বাস্থ্য বিভাগ তাঁর কেশ স্পর্শ করতে পারেনি। উপরন্ত তাঁকে শাস্তি না দিয়ে ঢাকায় বদলি করে। স্বাস্থ্য কর্মকর্তার কাছ থেকে চাঁদা আদায়ের জন্য ফাঁদ পাতে শরীফ মিয়া। খুলনা দুদক অফিসার পরিচয় দিয়ে ওই স্বাস্থ্য কর্মকর্তাকে ফোন করেন। টাকা না দিলে মামলা ও আটকের ভয় দেখায়। নিজের চাকরি ও আটক এড়াতে ভুয়া দুদক অফিসের ফাঁদে পা দেন ডা. শামীমা শিরিন লুবনা। পর্যায়ক্রমে বিকাশ, নগদ ও রকেট নম্বরে ১ লাখ ৯০ হাজার টাকা প্রদান করেন তিনি। পরে খোঁজ নিয়ে জানতে পারেন শরীফ মিয়া ভুয়া দুদক অফিসার। স্ত্রীর পক্ষে গত ৫ নভেম্বর মামলা করেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীমা শিরিন লুবনার স্বামী ডা. আব্দুল্লাহিল কাফী। মামলার এজাহারে স্বামী ডা. আব্দুল্লাহিল কাফী উল্লেখ করেন, ২০২১ সালের ৬ জুন স্বাস্থ্য কর্মকর্তা শামীমা শিরিন লুবনার ফোনে ফোন দিয়ে দুদকে মামলা ও আটকের হুমকি দেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে স্ত্রীর চাকরির ক্ষতি ও আটক করা হবে বলেও জানানো হয়। আত্মসম্মানের ভয়ে তার স্ত্রী একটি নম্বরের বিকাশ, রকেট ও নগদ অ্যাকাউন্টে ১ লাখ ৯০ হাজার টাকা প্রদান করেন। কালীগঞ্জ থানার এসআই জাকারিয়া মাসুদ জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ৬ নভেম্বর কালীগঞ্জ থানা পুলিশ ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পরশিপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ শরীফ মিয়া নামে ওই ভুয়া দুদক কর্মকর্তাকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ঘুষের ৭৭ হাজার টাকা জব্দ করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

শৈলকূপায় স্বেচ্ছাশ্রমে ১৩ কিলোমিটার খাল পরিষ্কার