লক্ষাধিক টাকার মাদকসহ ফেসওয়াশ উদ্ধার
- আপলোড তারিখঃ
১১-১০-২০২০
ইং
দর্শনার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালানবিরোধী পৃথক অভিযান
সমীকরণ প্রতিবেদন:
দর্শনা থানার পৃথক স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩৮৫ বোতল ফেন্সিডিল ও ৬০২টি ভারতীয় ফেসওয়াশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার পৃথক অভিযানে এসব চোরাচালান উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে সিভিল সোর্স এর সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) এর বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার সিগন্যাল রোস্তম আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার বড়বলদিয়া মাঠ নামক থেকে ৯৬ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে। যার আনুমানিক মূল্য ৩৮ হাজার ৪শ টাকা।
অপরদিকে, গতকাল সকাল সাড়ে ৮ টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীন ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ফুলবাড়ী মাঠ থেকে ২৮৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ১৫ হাজার ৬শ টাকা।
অন্যদিকে গতকাল দুপুর ২টার দিকে সোর্স এর সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) এর ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার রমজান আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ফুলবাড়ী দক্ষিণপাড়া মাঠ থেকে ভারতীয় ৬০২টি ক্লিন ক্লিয়ার ফেসওয়াশ আটক করে। যার আনুমানিক মূল্য ১৮ হাজার ৬০ টাকা।
উপরোল্লিখিত ৩৮৫ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৬শ ২টি ক্লিন ক্লিয়ার ফেসওয়াশ এর সর্বমোট আনুমানিক মূল্য ১ লক্ষ ৭২ হাজার ৬০ টাকা মাত্র। আটককৃত ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ফেসওয়াশ দর্শনা কাষ্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।
কমেন্ট বক্স