চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে এক হাজার মাস্ক প্রদান করলেন ডিসি নজরুল ইসলাম
- আপলোড তারিখঃ
০৬-০৮-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে এক হাজার মাস্ক প্রদান করেছেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল বুধবার সকালে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোল্লা আব্দুর রশিদের হাতে তিনি এ মাস্ক প্রদান করেন। কোর্টের কার্যক্রম শুরু হওয়ায় কোর্টে আগত সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করতে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এ মাস্ক প্রদান করেন। এ সময় তিনি বলেন, কোর্টে প্রতিদিন বহু মানুষ আইনি সেবা পেতে আসেন। করোনাভাইরাসের কারণে কিছুদিন ভার্চুয়াল পদ্ধতিতে কোর্টের কার্যক্রম চললেও বর্তমানে তা আবার স্বাভাবিক হতে যাচ্ছে। এ সময় আবার অনেক মানুষ সশরীরে কোর্টে আসবেন। তাঁদের এবং আইনজীবীদের স্বাস্থ্যবিধির কথা ভেবেই এক হাজার মাস্ক আইনজীবী সমিতির নেতৃবৃন্দকে প্রদান করা হল। এখন সবাইকে সচেতন হতে হবে। এ সময় তিনি আইনজীবীদের স্বাস্থ্যবিধি মেনে কোর্টের স্বাভাবিক কার্যক্রমে অংশগ্রহণ করার আহ্বান জানান।
কমেন্ট বক্স