ভুয়া ডাক্তার বাবা-ছেলের জেল, দোকান সিলগালা
- আপলোড তারিখঃ
১৫-০৬-২০২০
ইং
ঝিনাইদহ সদরের ডাকবাংলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা
প্রতিবেদক, ডাকবাংলা:
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে অভিযান চালিয়ে ভুয়া ডেন্টাল চিকিৎসক বাবা-ছেলেকে কারাদণ্ড ও দোকান সিলগালা করেছেন মোবাইল কোর্ট। গতকাল রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
জানা গেছে, সম্প্রতি ভয়াবহ করোনাভাইরাসে মানুষ যখন এক গণ্ডির মধ্যে, ঠিক তখনই ডাকবাংলা বাজারে দীর্ঘদিন ধরে ভুয়া ডেন্টাল ডাক্তার বাবা ও ছেলে লোকজনকে ডাক্তার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে ডাকবাংলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ। এ সময় ফাতেমা ডেন্টাল কেয়ারের মালিক ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে ভূয়া ডেন্টাল ডাক্তার ডাবলু রহমানকে মেডিক্যালের ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ডাবলুর ছেলে রাব্বুল ছাত্র হওয়ায় ১৮৬০ এর ১৮৭ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানসহ দোকান সিলগালা করেছেন মোবাইল কোর্ট।
এ বিষয়ে ঝিনাইদহের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েতুল্লাহ জানান, ফাতেমা ডেন্টাল কেয়ারের মালিক ডাবলু ডাক্তার হিসেবে পরিচয় দিয়েছেন। যেটা মেডিক্যাল ডেন্টাল কাউন্সিলে দণ্ডনীয় অপরাধ এবং মোবাইল কোর্টের সঙ্গে খারাপ আচরণ ও আক্রমণমূলক ব্যবহার করাই ডাবলু রহমানকে মেডিক্যালের ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ডাবলুর ছেলে রাব্বুল ছাত্র হওয়ায় ১৮৬০ এর ১৮৭ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে ফাতেমা ডেন্টাল কেয়ার দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছে।
কমেন্ট বক্স