শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
কার্পাসডাঙ্গায় মোবাইলের বকেয়া টাকা পরিশোধকে কেন্দ্র করে বিরোধ

কাঁচামাল ব্যবসায়ীর ছুরিকাঘাতে ফল ব্যবসায়ী নিহত

  • আপলোড তারিখঃ ০২-১০-২০২৬ ইং
কাঁচামাল ব্যবসায়ীর ছুরিকাঘাতে ফল ব্যবসায়ী নিহত

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় বিরোধের জেরে কাঁচামাল (সবজি) ব্যবসায়ীর ছুরিকাঘাতে মধু বিশ্বাস (৫৬) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কার্পাসডাঙ্গার মুচি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় মধু বিশ্বাসকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহত মধু বিশ্বাস দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কার্পাসডাঙ্গার মুচির বটতলা এলাকায় ফল বিক্রি করতেন। ঘটনার পর থেকে অভিযুক্ত মামুন হোসেন (৩৮) পলাতক রয়েছেন। অভিযুক্ত মামুন কার্পাসডাঙ্গার গ্রামের গোলাম ইছা ওরফে নেতা বাঙ্গাল ছেলে।


প্রত্যক্ষদর্শী আবু সাইদ জানান, মধু বিশ্বাসের ছেলে শামীম বাকিতে সোহাগ নামে এক মোবাইল ব্যবসায়ীর কাছ থেকে একটি পুরোনো মোবাইল ফোন কেনেন। ওই মোবাইলের বকেয়া টাকা পরিশোধকে কেন্দ্র করে শামীম ও সোহাগের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয় কথিত বিএনপি নেতা ও কাঁচামাল (সবজি) ব্যবসায়ী মামুন ঘটনাস্থলে এসে শামীমকে টাকা পরিশোধের জন্য চাপ দেন।


প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, শামীম ওই সময় মামুনকে বিষয়টি তাদের নিজেদের মধ্যে মীমাংসা করার কথা বলে তার হস্তক্ষেপ না করতে বলেন। এতে মামুন ক্ষুব্ধ হয়ে শামীমকে গালাগাল করেন। পরে শামীমের বাবা মধু বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।


আবু সাইদের দাবি, একপর্যায়ে মামুন শামীমকে কদবেল ফুটো করার কাজে ব্যবহৃত লোহার ধাতু দিয়ে আঘাত করার চেষ্টা করলে ব্যবহৃত ধারালো লোহার ধাতব বস্তুটি শামীমের পরিবর্তে তার বাবা মধু বিশ্বাসের বুকে লাগে। এতে গুরুতর আহত হয়ে মধু মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।


দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শামসুজ্জোহা ‘দৈনিক সময়ের সমীকরণ’-কে বলেন, মধু নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার বুকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ও প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।


এদিকে, ঘটনার পর মুচি বটতলা এলাকায় রাস্তা দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান সাধারণ জনগণ উচ্ছেদ করে দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে ওই এলাকায় সাময়িকভাবে দখলমুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কার্পাসডাঙ্গার মুচির বটতলা এলাকায় সবজি ও ফল বিক্রেতাদের মধ্যে বিরোধের জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।



কমেন্ট বক্স
notebook

চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ