মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ

কম খরচে বেশি ফলনের আশা
  • আপলোড তারিখঃ ২৪-১১-২০২৬ ইং
জীবননগরে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ

মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কৃষকেরা। গত বছর এ পদ্ধতিতে চাষ করে কয়েকজন কৃষক ভালো সাফল্য পাওয়ায় এবারও অনেক চাষি মালচিং পদ্ধতিতে টমেটো আবাদ করেছেন। তাঁদের আশা, কম উৎপাদন খরচে ভালো ফলন ও বাজারদর পাওয়া গেলে এ মৌসুমে তাঁরা লাভবান হবেন।


মালচিং আধুনিক চাষাবাদের একটি পদ্ধতি। এ পদ্ধতিতে জমির বেড পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়। পলিথিনের নির্দিষ্ট স্থানে ছিদ্র করে চারা রোপণ করা হয়। এতে জমিতে আগাছা কম জন্মায়, মাটির তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণে থাকে এবং সেচের প্রয়োজন কমে। পাশাপাশি রোগবালাইয়ের প্রকোপ ও সার-কীটনাশকের ব্যবহার কম হওয়ায় উৎপাদন খরচ কমানো সম্ভব হয়। সঠিক পরিচর্যায় ফলন ও ফসলের গুণগত মানও ভালো থাকে।


উপজেলার সন্তোষপুর গ্রামের কৃষি উদ্যোক্তা জাহিদুল ইসলাম এ পদ্ধতিতে টমেটো চাষ করে লাভের আশা করছেন। তাঁর জমিতে গিয়ে দেখা যায়, বেড তৈরি করে পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। পলিথিনের নির্দিষ্ট স্থানের ছিদ্র দিয়ে বেড়ে উঠেছে টমেটো গাছ। গাছে থোকায় থোকায় টমেটো ঝুলছে। ফলের ভারে গাছ নুয়ে পড়া ঠেকাতে বাঁশের খুঁটির সঙ্গে গাছ বেঁধে দেওয়া হয়েছে।


জাহিদুল ইসলাম বলেন, জীবননগর কৃষি কর্মকর্তার পরামর্শে ২০ শতক জমিতে বর্ষা কুইন জাতের টমেটো চাষ করেছেন তিনি। জমি তৈরি, চারা, সার-কীটনাশক ও আনুষঙ্গিক খরচ মিলিয়ে এ পর্যন্ত ব্যয় হয়েছে ২৫ থেকে ৩০ হাজার টাকা। এ জাতের টমেটো ছয় মাস ধরে পাওয়া যাবে। এক সপ্তাহের মধ্যে টমেটো বাজারজাত শুরু করবেন। বর্তমানে বাজারে যে দাম রয়েছে, তা অব্যাহত থাকলে দুই থেকে আড়াই লাখ টাকা লাভের আশা করছেন তিনি।
নিধিকুণ্ড গ্রামের কৃষক রাজু হোসেন বলেন, গত বছর মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করে সাফল্য পাওয়ার পর এবারও এক বিঘা জমিতে এ পদ্ধতিতে আবাদ করেছেন। এখন পর্যন্ত তাঁর খরচ হয়েছে ৬০ হাজার টাকা। বাজারে টমেটোর ভালো দাম ও চাহিদা থাকায় এবার প্রায় তিন লাখ টাকার টমেটো বিক্রির আশা করছেন তিনি।


জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন বলেন, মালচিং পদ্ধতিতে বিশেষ ধরনের পলিথিন দিয়ে জমির মাটি ঢেকে রাখা হয়। এতে মাটির তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণে থাকে, অতিরিক্ত পানি জমতে পারে না এবং গাছের গোড়ায় আগাছা জন্মানোর সুযোগ কমে যায়। পাশাপাশি বিভিন্ন রোগজীবাণুর আক্রমণ কমাতে সহায়তা করে। এ পদ্ধতিতে রাসায়নিক সার ও সেচের ব্যবহার কম হওয়ায় উৎপাদন খরচও কমে আসে এবং ফসলের গুণগত মান বজায় থাকে।
তিনি আরও বলেন, জীবননগরে মালচিং পদ্ধতিতে টমেটো চাষে কৃষকদের মধ্যে বেশ সাড়া পড়েছে। এ পদ্ধতিতে চাষাবাদে উদ্বুদ্ধ করতে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দিন দিন আরও বেশি কৃষক এ পদ্ধতিতে টমেটো চাষে আগ্রহী হচ্ছেন।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনাল