মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সুসম্পর্ক কাজে লাগান বিনিয়োগ করুন: প্রধানমন্ত্রী

  • আপলোড তারিখঃ ০৫-১০-২০১৯ ইং
সুসম্পর্ক কাজে লাগান বিনিয়োগ করুন: প্রধানমন্ত্রী
বাংলাদেশে আকস্মিকভাবে পণ্য রফতানি বন্ধ না করতে ভারতের প্রতি আহ্বান সমীকরণ প্রতিবেদন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের মধ্যকার সুসম্পর্ক কাজে লাগিয়ে ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা একসঙ্গে আরও বাণিজ্য ও বিনিয়োগ দেখতে চাই, যেখানে ভারতীয় বড় বিনিয়োগকারীরা বাংলাদেশে শিল্প স্থাপন করতে এবং আমাদের মধ্যে বিদ্যমান উন্নত যোগাযোগ ব্যবস্থার সুযোগ নিয়ে উত্তর ভারতের রাজ্যগুলো এবং দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোতে পণ্য রফতানি করতে পারে। বাংলাদেশ ও ভারত বর্তমানে সবচেয়ে ভালো সম্পর্ক উপভোগ করছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক নেতৃত্ব ও আপনাদের জন্য উপযুক্ত পরিবেশ সুনিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্লাটফর্মটি রয়েছে এবং আমরা আপনাদের প্রচেষ্টা সহজ করার জন্য সব ধরনের সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছি। তিনি বলেন, আমি আপনাদের সবাইকে প্লাটফর্মটির সর্বোত্তম ব্যবহার করতে এবং আমাদের জনগণের পারস্পরিক বৃহত্তর স্বার্থে উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখার অনুরোধ করছি এবং এর মাধ্যমে আমরা আমাদের দেশ ও এ অঞ্চলকে আরও সমৃদ্ধ এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে পারব। প্রধানমন্ত্রী চার দিনের ভারত সফরের দ্বিতীয় দিন শুক্রবার নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে বাংলাদেশ-ভারত বিজনেস ফোরামের (আইবিবিএফ) উদ্বোধন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী ভারতের ব্যবসায়ীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কগুলোতে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, বেশ কয়েকটি হাইটেক পার্ক প্রযুক্তি ও উদ্ভাবনী উদ্যোগের জন্যও প্রস্তুত রয়েছে। মোংলা, ভেড়ামারা ও মিরেরসরাইয়ে ভারতীয় বিনিয়োগকারীদের জন্য তিনটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রস্তুত করেছে বাংলাদেশ। এই তিনটি ভারতীয় অর্থনৈতিক অঞ্চলে ভারতীয় বিনিয়োগকারীদের পর্যাপ্ত বিনিয়োগ আমাদের রফতানিযোগ্য খাতকে আরও প্রশস্ত করতে সহায়তা করবে। দুই দেশের মধ্যে বাণিজ্যের ভারসাম্য এখনও ভারতের পক্ষে রয়েছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ১০ বিলিয়ন ডলার। ২০১৮ সালে বাংলাদেশে ৮ দশমিক ৮ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করে ভারত এবং বাংলাদেশ এই দেশটির আটতম বৃহত্তম রফতানি গন্তব্য। ভারতে আমাদের রফতানিও গত বছর প্রথমবারের মতো ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভবিষ্যতে বাংলাদেশে পেঁয়াজসহ যে কোনো পণ্যের রফতানি বন্ধ করার সিদ্ধান্ত আগে থেকে জানানোর জন্য অনুরোধ জানান। এক পর্যায়ে তিনি হিন্দি ভাষায় রসিকতা করে বলতে শুরু করেন, পেঁয়াজ মে থোড়া দিক্কত হো গিয়া হামারে লিয়ে। মুঝে মালুম নেহি, কিউ আপনে পেঁয়াজ বন্ধ কর দিয়া! ম্যায়নে কুক কো বোল দিয়া, আব সে খানা মে পেঁয়াজ বন্ধ কারদো। (পেঁয়াজ নিয়ে একটু সমস্যায় পড়ে গেছি আমরা। আমি জানি না কেন আপনারা পেঁয়াজ বন্ধ করে দিলেন। আমি রাঁধুনিকে বলে দিয়েছি, এখন থেকে রান্নায় পেঁয়াজ বন্ধ করে দাও।) অনুষ্ঠানে উপস্থিত দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর এই বক্তৃতার সাড়া দেন হাসি আর করতালিতে। প্রধানমন্ত্রী বলেন, ভারত আগে থেকে নোটিশ দিলে বাংলাদেশ অন্য দেশ থেকে পেঁয়াজ কেনার ব্যবস্থা করতে পারত। ভবিষ্যতে এমন কিছু করলে আগে জানালে ভালো হয়। তিনি দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে রাজনৈতিক কূটনীতির পাশাপাশি অর্থনৈতিক কূটনীতির ওপরও গুরুত্ব আরোপ করেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান