ঢাকা মোহামেডানসহ চার ক্লাবে মিলল মদ ও জুয়ার সরঞ্জাম
- আপলোড তারিখঃ
২৩-০৯-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদন:
র্যাবের পর এবার একসঙ্গে চার ক্লাবে অভিযান চালিয়েছে পুলিশ। ক্লাবগুলো হলো- মোহামেডান, আরামবাগ ক্রীড়া সংঘ, দিলকুশা স্পোর্টিং ও ভিক্টোরিয়া। গতকাল রোববার দুপুরে রাজধানীর মতিঝিলে এ অভিযান হয়। এসব ক্লাব থেকে বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জাম, তাস, কার্ড উদ্ধার করা হয়। এছাড়া কয়েকটি ক্লাব থেকে টাকা, মদ ও সিসা জব্দ করা হয়। তবে কাউকে আটক করা যায়নি। এর মধ্যে ভিক্টোরিয়া ক্লাব থেকে বিভিন্ন ধরনের জুয়া খেলার সরঞ্জাম, এক লাখ টাকা, বিপুল পরিমাণ তাস, জুয়ায় ব্যবহৃত চিপস ও মদ পাওয়া গেছে। মোহামেডানে পাওয়া গেছে দুটো রুলেট টেবিল, নয়টি বোর্ড, বিপুল পরিমাণ কার্ড, ১১টি ওয়্যারলেস সেট ও বিভিন্ন ধরনের ছোড়া। আর আরামবাগ ও দিলকুশা ক্লাবেও বাকারা ও রুলেট টেবিলসহ বিভিন্ন জুয়ার সরঞ্জাম পেয়েছে পুলিশ। পুলিশ বলছে ক্যাসিনোগুলো পরিচালনার জন্য নেপাল থেকে অভিজ্ঞ কর্মী আনা হয়েছিল। মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন জানান, সবগুলো ক্লাব থেকে ব্যাপক পরিমাণ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একটি ক্লাবে মদ পাওয়া গেছে। আরকটি ক্লাবে এক লাখ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশের নাকের ডগায় এসব ক্যাসিনো এতদিন কীভাবে চলে আসছিল এমন প্রশ্নে পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, যখনই আমাদের কাছে তথ্য এসেছে, তখনই আমরা অভিযান চালিয়েছি।
কমেন্ট বক্স