মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ভুয়া কাজী হালিম গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২০-০৯-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় ভুয়া কাজী হালিম গ্রেপ্তার
জাল বিবাহ, তালাক বই, সিলসহ বিভিন্ন নকল কাগজপত্র উদ্ধার নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরের বুজরুকগড়গড়ি বনানী পাড়ায় হলিম (৩৫) নামের এক ভুয়া কাজীকে আবারও গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। এ সময় তাঁর বাড়ি থেকে বিবাহ পড়ানোর কাজে ব্যবহৃত বেশকিছু জাল কাগজপত্রসহ বিভিন্ন প্রকার সিল উদ্ধার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে মামলা করে থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাঁকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। একাধিক প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার হওয়া হালিম বুজরুকগড়গড়ি বনানী পাড়ার মৃত সুবাদ আলীর ছেলে। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে শহরের বুজরুকগড়গড়ি বনানী পাড়ায় অভিযান চালিয়ে হালিমের নিজ বসতবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ জানতে পারে বুজরুকগড়গড়ি বনানী পাড়ায় হালিম নামের একজনের বাড়িতে বাল্যবিবাহের আয়োজন করা হচ্ছে। এমন সংবাদ পেয়ে সদর থানা পুলিশ তাঁদের নিয়মিত অভিযানের একটি দলকে বিষটির আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। নির্দেশ পেয়ে সদর থানা পুলিশের উপপরিদর্শক এসআই আকরাম হোসেন ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বুজরুকগড়গড়ি বনানী পাড়ার মৃত সুবাদ আলীর ছেলে একাধিক প্রতারণা মামলার আসামি হালিমকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেন। এ সময় গ্রেপ্তার আসামির বাড়ি তল্লাশি করে দুটি জাল বিবাহ রেজিস্ট্রার, দুটি তালাক বই, ২০টি লুজ নিকাহনামা ফরম, ২০টি আংশিক লেখা নিকাহনামা ফরম ও বিভিন্ন রকমের ৬টি সিল উদ্ধার করে পুলিশ। এ ছাড়াও ঘটনাস্থল থেকে আলমডাঙ্গা মাঝহাট গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে কাজী আফতাব উদ্দীনকেও আটক করে পুলিশ। পরে গ্রেপ্তার হওয়া ভুয়া কাজী হালিম ও আটক আফতাব উদ্দীনকে থানা হেফাজতে নেয় পুলিশ। এ ঘটনার যাচাই-বাছাই শেষে পুলিশ জানতে পারে আফতাব উদ্দীনের কাগজপত্র জাল করে এতদিন ভুয়া কাজী হালিম প্রতারণা করে আসছিলেন। তাঁর সেই প্রতারণার বিষয়ে খোঁজখবর নিতেই আফতাব উদ্দীন প্রতারক হালিমের বাড়িতে গিয়েছিলেন। বিষয়টি জানতে পেরে আফতাব উদ্দীনকে ছেড়ে দেয় পুলিশ। পরে থানার পুলিশ বাদী হয়ে প্রতারণার শিকার আফতাব উদ্দীনকে সাক্ষী করে ভুয়া কাজী হালিমের বিরুদ্ধে মামলা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত হালিমকে থানা হেফজতেই রাখা হয়েছে। আজ তাঁকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্তা কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান সময়ের সমীকরণকে জানান, বাল্যবিবাহ পড়ানোর বিষয়ে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ ভুয়া কাজী বনানী পাড়ার হালিমকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। একইসঙ্গে বিভিন্ন প্রকার সিলসহ বেশ কিছু জাল কাগজপত্র উদ্ধার করা হয়েছে তাঁর বাড়ি থেকে। এ ঘটনায় প্রতারণার শিকার আলমডাঙ্গার মাঝহাট গ্রামের আফতাব উদ্দীন সাাক্ষী করে প্রতারক হালিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, প্রতারক হালিম এর আগেও কয়েকটি প্রতারণা মামলার আসামি।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান