ঘুষের ৩৩ লাখ ২০ হাজার টাকা জব্দ!
- আপলোড তারিখঃ
১৯-০৯-২০১৯
ইং
বিআরটিএর সদ্য প্রয়াত সহকারী পরিচালকের বাসায় অভিযান
ঝিনাইদহ অফিস:
সদ্য প্রয়াত ঝিনাইদহ বিআরটিএর সহকারী পরিচালক বিলাস সরকারের বাসা থেকে উদ্ধার হয়েছে ৩৩ লাখ ২০ হাজার টাকা। গতকাল বুধবার সন্ধ্যার দিকে ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ শহরের কলাবাগানপাড়ার ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে এ টাকা উদ্ধার করেন। প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিলাস সরকারের মৃত্যুর পর ওই বাড়ি প্রশাসন সিলগালা করে দেয়। ধারণা করা হচ্ছে, তাঁর পরিবারের দেওয়া তথ্যমতে এ অভিযান চালানো হয়। কারণ, বিলাস সরকার কলাবাগানপাড়ার ভাড়া বাড়িতে তাঁর বৃদ্ধা মাকে নিয়ে থাকতেন। দাম্পত্য কলহের কারণে স্ত্রী সন্তানেরা এখানে থাকতেন না। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ গণমাধ্যমকর্মীদের কাছে অভিযানের কথা স্বীকার করে জানান, উদ্ধার হওয়া ৩৩ লাখ ২০ হাজার টাকা জব্দ করা হয়েছে। অভিযোগ উঠেছে, উদ্ধার হওয়া এ টাকা যানবাহনের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স করার নামে ঘুষ হিসেবে গ্রহণ করা হয়েছিল। উল্লেখ্য, ১০ সেপ্টেম্বর ঝিনাইদহ বিআরটিএর সহকারী পরিচালক বিলাস সরকার হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
কমেন্ট বক্স