মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সংসদ অধিবেশন বসছে আজ

  • আপলোড তারিখঃ ০৮-০৯-২০১৯ ইং
সংসদ অধিবেশন বসছে আজ
সমীকরণ প্রতিবেদন: বিরোধীদলীয় নেতা ছাড়াই আজ রোববার শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হবে। এর আগে বিকেল ৪টায় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত হবে। তবে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ডাকা এই অধিবেশন সংক্ষিপ্ত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই চলতি সংসদের বিরোধীদলীয় নেতা এইচ এম এরশাদের মৃত্যুর কারণে শোক প্রস্তাব নিয়ে আলোচনা শেষে রেওয়াজ অনুযায়ী অধিবেশন মুলতবি করা হবে। পরদিন থেকে যথারীতি অধিবেশন চলবে। চলতি অধিবেশনে কাস্টমস বিল-২০১৯, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৯, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) বিল-২০১৯, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিল-২০১৯ এবং বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (সুরক্ষা) বিল-২০১৯ নিয়ে আলোচনা ও পাস হওয়ার কথা রয়েছে। এদিকে এইচ এম এরশাদের মৃত্যুর কারণে শূন্য হওয়া বিরোধীদলীয় নেতার পদ এখনো পূরণ হয়নি। ওই পদ নিয়ে বিরোধী দল জাতীয় পার্টির এমপিরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। নিজেকে সংসদের বিরোধীদলীয় নেতা করার জন্য স্পিকারের কাছে চিঠি দিয়েছেন পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদের। সেই চিঠির যৌক্তিতা নিয়ে প্রশ্ন তুলে তা গ্রহণ না করার অনুরোধ জানিয়ে পরদিনই স্পিকারকে আরেকটি চিঠি দিয়েছেন বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ। তিনি আজ বেলা ১১টায় সংসদ ভবনে জাতীয় পার্টির সংসদীয় দলের সভা আহ্বান করেছেন। এমতাবস্থায় বিরোধীদলীয় নেতা ছাড়াই অধিবেশন শুরু হচ্ছে এটা নিশ্চিত। এ বিষয়ে জানতে চাইলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, তাদের চিঠি নিয়ে আইন-কানুন খতিয়ে দেখা হবে। আর বিরোধীদলীয় নেতা কে হবেন, তা কার্যপ্রণালী বিধিতে বলা আছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। বিরোধী দলের মধ্যে যে সঙ্কট তৈরি হয়েছে, তা তারা নিজেরাই সমাধান করবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন। জাতীয় সংসদের তৃতীয় (বাজেট) অধিবেশন গত ১২ জুলাই শেষ হয়। সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ কার্যদিবসের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান