চুয়াডাঙ্গার আলুকদিয়া থেকে যশোরের দুই কিশোরী উদ্ধার
- আপলোড তারিখঃ
০৮-০৯-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা শহরতলী আলুকদিয়া থেকে যশোরের দুই কিশোরীকে উদ্ধার করেছে সদর থানার পুলিশ। পরে গতকাল শনিবার রাতেই পরিবারের জিম্মায় দেওয়া হয় ওই কিশোরীদের। গতকাল বাড়ি থেকে রাগ করে চলে আসার পর রাত ১০টার দিকে আলুকদিয়া এলাকার একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করে সদর থানার পুলিশ।
জানা যায়, বাড়ি থেকে অভিমান করে যশোর টেকের হাট খাঁ পাড়ার মিজানুরের মেয়ে অর্পণা ও আব্দুস সালামের মেয়ে আলো নামের দুই কিশোরী বাসযোগে চুয়াডাঙ্গায় চলে আসে। সন্ধ্যার সময় বড় বাজারে অবস্থানকালে আলুকদিয়া এলাকার এক ইজিবাইকচালকের কাছে বাড়ি থেকে চলে আসার ঘটনা জানায় তারা। পরে ওই ইজিবাইকচালক দুই কিশোরীকে তাঁর বাড়িতে আশ্রয় দিয়ে তাদের পরিবারকে খবর দেন। পালিয়ে আসা ওই দুই কিশোরী যশোর নিউটন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ ওই দুই কিশোরীকে আলুকদিয়া থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। পরে পরিবারের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয় তাদের।
পুলিশ সুত্রে জানা যায়, গতকাল রাতে সদর থানা পুলিশ জানতে পারে, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া এলাকায় এক ইজিবাইকচালকের বাড়িতে অপরিচিত দুই কিশোরী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল আলুকদিয়া এলাকায় ওই ইজিবাইকচালকের বাড়ি থেকে ওই কিশোরীদের উদ্ধার করে সদর থানা হেফাজতে নেয়। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, তারা পরিবারের ওপর রাগ করে বাড়ি থেকে পালিয়ে এসেছে। পরে ওই কিশোরীদের পরিবারকে খবর দিয়ে লিখিত নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয় তাদের।
কমেন্ট বক্স