মেহেরপুরে সাংবাদিক চন্দনের মৃত্যু, শোক
- আপলোড তারিখঃ
০৮-০৯-২০১৯
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য, সময় টিভির জেলা প্রতিনিধি, বিশিষ্ট সংগীত শিল্পী, মীর স্টুডিও-এর স্বত্বাধিকারী ও সংগঠক মীর সউদ আলী চন্দন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত শুক্রবার দিবাগত রাত একটার দিকে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সাংবাদিক মীর সউদ আলী চন্দন বিশিষ্ট সংগীত শিক্ষক মরহুম মীর মোজাফফর আলীর ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল শনিবার জোহরের নামাজের পর হোটেল বাজার জামে মসজিদে জানাজার নামাজ শেষে মেহেরপুর কলেজ মোড়স্থ পৌর কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। এর আগে তাঁর লাশ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মেহেরপুর প্রেসক্লাবের সামনে রাখা হয়। এ সময় সেখানে শ্রদ্ধা নিবেদন করেন মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনি, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. ইব্রাহীম শাহীন, জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল প্রমুখ। এ ছাড়াও মেহেরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক মরহুম মীর সউদ আলী চন্দনের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা এবং শোক বহি খোলা হয়।
মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টুর সঞ্চালনায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক আতাউল গনি, সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. ইব্রাহীম শাহীন, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, একশার সভাপতি আরিফুল এনাম বকুল প্রমুখ। পরে জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, মেহেরপুরের গণ্যমান্য ব্যক্তিরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক বহিতে স্বাক্ষর করেন।
কমেন্ট বক্স