ফেনসিডিলসহ রুবেল আটক, মিনি ট্রাক জব্দ
- আপলোড তারিখঃ
০২-০৯-২০১৯
ইং
দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের মাদকবিরোধী অভিযান
দর্শনা অফিস:
দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০৪ বোতল ফেনসিডিলসহ রুবেল হোসেন (২০) নামের এক ট্রাকের হেলপারকে আটক করেছে পুলিশ। এ সময় ফেনসিডিল বহন করা একটি মিনি ট্রাক জব্দ করা হয়। এ ঘটনায় পালিয়ে যাওয়া ট্রাকচালক দর্শনার ছোট ও মাদকের মহাজন মনজুকে আসামি করে মামলা করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ফোর্স নিয়ে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের নিকটবর্তী বালিকা বিদ্যালয় সড়কে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় সড়কের পাশে রাজ হোসেন বিহারীর ছেলে রফিকুলের বাড়ির সামনে একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ম-৫১-২৫২৯) তল্লাশি করে ১০৪ বোতল ফেনসিডিলসহ ট্রাকের হেলপার রুবেল হোসেনকে আটক করা হয়। আটক হওয়া আসামি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলাধীন হাসালা গ্রামের আব্দুল হেকিমের ছেলে। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যান দর্শনা ইসলাম বাজার পাড়ার তোয়াক্কেলের ছেলে ট্রাকের চালক রাজু ওরফে ছোট। পুলিশ মাদক বহন করা ট্রাকটি জব্দ করে। পুলিশ আরও জানায়, আটক রুবেলের দেওয়া তথ্যানুযায়ী ট্রাকের চালক ছোট ও ফেনসিডিলের মহাজন দর্শনা থানাপাড়ার আজাহারের ছেলে মনজুর মোর্শেদ ওরফে মনজুকে পলাতক আসামি করে মামলা করা হয়েছে।
কমেন্ট বক্স