আব্দুল মালেক মুন্সি আর নেই, বিভিন্ন মহলের শোক
- আপলোড তারিখঃ
০১-০৯-২০১৯
ইং
সাবেক চুয়াডাঙ্গা টাউন পরিষদ ও পৌরসভার চারবারের চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক:
সাবেক চুয়াডাঙ্গা টাউন পরিষদ ও বর্তমান চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক মুন্সি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। গতকাল শনিবার বেলা দুইটার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। গতকাল সন্ধ্যায় তাঁর মরদেহ পৈতৃক বাড়ি হাজরাহাটিতে নিয়ে যাওয়া হয়। সেখানে এশার নামাজের পর তাঁর প্রথম জানাজা শেষে রাতে নিজ বাসভবনে নেওয়া হয়। আজ রোববার সকাল নয়টায় তাঁর মরদেহের দ্বিতীয় জানাজার নামাজ শেষে চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হবে।
জানা যায়, আব্দুল মালেক মুন্সি ১৯২৮ সালের ১২ অক্টোবর দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের কলাবাড়ি গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ফজলের রহমান মুন্সি এবং মাতা রওশন আরা খাতুন। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তাঁর শৈশব কাটে পিতৃগৃহ হাজরাহাটি গ্রামে। সেখানেই তিনি প্রাথমিক লেখাপড়া সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ক্যালকাটা কলেজ থেকে ১৯৪৭ সালে ম্যাট্রিক পাস করেন। তিনি দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের কলাবাড়ি গ্রামে জাহানারা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তিনি আট ছেলে ও তিন মেয়ের জনক। ১৯৫৯ সালে বর্তমান চুয়াডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান পদে তিনি নির্বাচিত হন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে তিনবার এবং স্বাধীন হওয়ার পর আরও একবার মোট চারবার তিনি চুয়াডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান পদে নির্বাচিত হন। মৃত্যুকালে তিনি ছয় পুত্র, তিন কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে, পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক মুন্সির মৃত্যুতে সামাজিক, রাজনৈতিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
কমেন্ট বক্স