আলমডাঙ্গার অপহৃত স্কুলছাত্রী কালীগঞ্জে উদ্ধার
- আপলোড তারিখঃ
৩১-০৮-২০১৯
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা থেকে অপহৃত স্কুলছাত্রী সিমা খাতুনকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থেকে উদ্ধার করেছে আলমডাঙ্গা থানার পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে তাকে উদ্ধার করা হয়। জানা যায়, গত সোমবার আলমডাঙ্গা রাধিকাগঞ্জের ভিকু ম-লের মেয়ে সিমাকে স্কুলে যাওয়ার পথে রাসেল ও তাঁর সহযোগীরা অপহরণ করে নিয়ে যান। এ ঘটনার পর গত মঙ্গলবার সিমার মা নার্গিস খাতুন বাদী হয়ে রাসেলের বিরুদ্ধে আদালতে অপহরণ মামলা করেন। আদালত অপহৃত সিমাকে উদ্ধারের দায়িত্ব দেন আলমডাঙ্গা থানার ওপর। গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী জানতে পারেন, সিমাকে নিয়ে রাসেল একটি গোপন ঠিকানায় অবস্থান করছেন। পরে তিনি এ মামলার তদন্ত কর্মকর্তা আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফাকে ফোর্সসহ ওই ঠিকানায় পাঠান। গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে দিবাগত রাত তিনটার দিকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জের বাবরাপুকুরিয়া উত্তর পাড়া থেকে ইন্তাদুল হোসেনের ছেলে রাসেল ও অপহৃত সিমাকে উদ্ধার করা হয়। এরপর গতকাল শুক্রবার তাঁদের উদ্ধার করে আলমডাঙ্গা থানায় নিয়ে আসা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানার পুলিশ তাঁদের চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করে।
কমেন্ট বক্স