জীবননগরে ছাত্রলীগ সভাপতিকে পিটিয়ে জখম!
- আপলোড তারিখঃ
৩০-০৮-২০১৯
ইং
জীবননগর অফিস:
পূর্বশত্রুতার জের ধরে জীবননগর পৌর ছাত্রলীগের সভাপতিকে রড দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জীবননগর পৌর শহরের মহানগর সিনেমা হলের পাশে গাফফারের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত মিঠু পৌর এলাকার ৭নং ওর্য়াডের কামান হোসেনের ছেলে ও জীবননগর পৌর ছাত্রলীগের সভাপতি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মিঠু নারায়নপুর মোড়ের দিক থেকে আসছিল। এমন সময় ইমান আলীর ছেলে সাহেব, আজিজুলের ছেলে সেলিম গাফফারের চায়ের দোকান থেকে বের হয়ে মিঠুর গাড়ি থামিয়ে তাকে রড দিয়ে তাকে মারধর করতে থাকে। মিঠু রাস্তায় পড়ে গেলে তার ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করে তারা। এ সময় স্থানীয় জনগণ আহত মিঠুকে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত মিঠু অভিযোগ করে বলেন, ‘সাহেবের সঙ্গে গত ৫ মাস আগে কলেজে একটি দ্বন্দ্ব হয়েছিল। সেটি ওসি সাহেব সেসময় মিমাংসা করে দিয়েছিল। সেই সূত্র ধরে গতকাল আমি নারায়নপুর থেকে বাড়ি ফেরার পথে সাহেব ও সেলিম আমাকে রড দিয়ে মারধর করে এবং আমার মোটরসাইকেলটি ভাংচুর করে।’
জীবননগর থানা ছাত্রলীগের সভাপতি সোয়েব আহম্মেদ অঞ্জন বলেন, ‘পৌর ছাত্রলীগের সভাপতি মিঠুকে মারধরের কথা আমি শুনেছি। তবে কি কারণে মেরেছে এটা আমি জানি না।’
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘আহত মিঠুর হাতে এবং মাজায় চোট লেগেছে। চিকিৎসা দেওয়া হয়েছে এখন সে আশঙ্কামুক্ত।’
জীবননগর থানার ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ জানান, ‘জীবননগর পৌর ছাত্রলীগের সভাপতি মিঠুকে পিটিয়ে আহত করেছে এটা আমি শুনেছি। তবে এখন কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কমেন্ট বক্স