শফিকুল ইসলাম ডিএমপির নতুন কমিশনার
- আপলোড তারিখঃ
২৯-০৮-২০১৯
ইং
চুয়াডাঙ্গার কৃতী সন্তান ও অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক
বিশেষ প্রতিবেদক:
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) মোহাম্মদ শফিকুল ইসলাম। বিদায়ী কমিশনার আছাদুজ্জামান মিয়ার স্থলাভিষিক্ত হলেন তিনি। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে এ নিয়োগ নিশ্চিত করে। এতে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ডিএমপির কমিশনার হিসেবে অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার দায়িত্বের মেয়াদ আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। তার মেয়াদ শেষ হলে ১৪ সেপ্টেম্বর স্থলাভিষিক্ত হবেন শফিকুল ইসলাম। সর্বশেষ তিনি সিআইডি প্রধানের দায়িত্ব পালন করেন। মোহাম্মদ শফিকুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার নওদাবন্ড বিল দোয়ারপাড়া গ্রামে ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মো. শওকত আলী ও মায়ের নাম বেগম সুফিয়া খাতুন। তিনি অতিরিক্তি পুলিশ কমিশনার এবং পুলিশ কমিশনার হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে তিনি ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর তিনি পদন্নোতিপ্রাপ্ত হয়ে অ্যাডিশনাল আইজিপি হিসেবে এন্টি টেররিজম ইউনিট, ঢাকায় যোগদান করেন। ২০১৮ সালের ২০ নভেম্বর অ্যাডিশনাল আইজিপি হিসাবে পুলিশ হেডকোয়ার্টাসে এবং সর্বশেষ তিনি ২০১৯ সালের ১৬ মে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বাংলাদেশ পুলিশে প্রধান হিসেবে যোগদান করেন।
কর্মক্ষেত্রে অনন্য পেশাদারিত্ব, সততা ও সুনিপুণ দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি পরপর দুইবার বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পুরস্কার বিপিএম পদক লাভ করেন। ২০১৪ সালে ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ এবং ২০১৭ সালে ডিআইজি, ঢাকা রেঞ্জে দায়িত্বপালনকালে তিনি এই পদক লাভ করেন। চাকরিজীবনে তিনি বুনিয়াদী কোর্স, ওরিয়েনটেশন কোর্স, এইড-টু-গুড ইনভেস্টিগেশন, কমান্ড অফিসার্স ইনভেস্টিগেশন অ্যান্ড কোর্ট কোর্স, সার্ভে অ্যান্ড সেটেলম্যান্ট ট্রেনিং, ন্যাশনাল অ্যান্ড ইকোনোমিক ক্রাইম কোর্স, সিনিয়র ম্যানেজমেন্ট কোর্স, পেশাগত ডেভেলপমেন্ট প্রোগামসহ দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ কোর্স সম্পন্ন করেন।
শিক্ষা জীবনে তিনি আলমডাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয় হতে এসএসসি এবং আলমডাঙ্গা ডিগ্রি কলেজ হতে এইচএসসি পাস করেন এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হতে এগ্রিকালচার বিষয়ে কৃতিত্বের সঙ্গে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ছাত্রজীবনে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। শফিকুল ইসলাম ৮ম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনের শুরুতে তিনি এএসপি হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, খাগড়াছড়ি জেলা ও মৌলভীবাজার জেলায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
এদিকে, মোহাম্মদ শফিকুল ইসলাম নতুন ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক সময়ের সমীকরণ পরিবারের পক্ষে প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদীর গনু, আলমডাঙ্গা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. সালমুন আহম্মদ ডন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সাবেক পৌর মেয়র ও চুয়াডাঙ্গা জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, মোহম্মদ শফিকুল ইসলামের সহপাঠী মোহনা বন্ধু সমিতির সভাপতি মাহমাদুল কাউনাইন, সম্পাদক শামসুজ্জোহা শাবু, তোতা মিয়া, জামাল হোসেন, আব্দুল খালেক, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন, সম্পাদক মীর শফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা ফটোগ্রাফি সোসাইটির (সিপিএস) সভাপতি সাংবাদিক হুসাইন মালিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।
কমেন্ট বক্স