নারীসহ পাঁচজন আহত, কার্ড বিতরণ বন্ধ
- আপলোড তারিখঃ
০৬-০৮-২০১৯
ইং
ঝিনাইদহের শৈলকুপায় স্মার্টকার্ড বিতরণের সময় হামলা
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের শৈলকুপায় স্মার্টকার্ড বিতরণের সময় ইউপি সদস্যের নেতৃত্বে বহিরাগতরা হামলা চালিয়ে নারী কর্মীসহ পাঁচ ডাটা এন্ট্রি অপারেটরকে পিটিয়ে জখম করেছে। খবর পেয়ে পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। হামলায় ল্যাপটপসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনতাই ও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় স্থগিত করা হয়েছে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম। গতকাল সোমবার সকাল ১০টার দিকে গাড়াগঞ্জ বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল শৈলকুপার ১৩ নম্বর উমেদপুর ইউনিয়নের স্মার্টকার্ড বিতরণের শেষ দিন ছিল। ইউনিয়নের গাড়াখোলা, গাড়াগঞ্জ, মধুপুর, মহেশপুর, বারইপাড়াসহ কয়েকটি গ্রামের ভোটাররা স্মার্টকার্ড নিতে সকালে গাড়াগঞ্জ বালিকা বিদ্যালয় কেন্দ্রে লাইন দেন। এ সময় বারইপাড়া গ্রামের ইউপি সদস্য সাইদুর রহমান স্বপন নারীদের লাইনে পুরুষ ঢোকানোর চেষ্টা করলে অপারেটররা বাধা দেন। এ ছাড়া হারিয়ে যাওয়া কার্ডের জন্য নির্বাচন কমিশন কর্তৃক ধার্য করা ফি ৩৬৮ টাকা না দিয়ে ইউপি সদস্য সাইদুর রহামন স্বপন ফ্রি স্মার্টকার্ড নেওয়ার চেষ্টা করেন। আর এতেই গোলযোগ বাঁধে। ইউপি মেম্বার স্বপন দলবল নিয়ে হামলা চালালে আহত হন খ-কালীন নারী ডাটা এন্ট্রি অপারেটর নাসরিন আক্তার, ডাটা এন্ট্রি অপারেটর মো. আবু আব্দুল্লাহ, টেকনিক্যাল সাপোর্ট অপারেটর ইসমাইল হোসেন এবং ডাটা এন্ট্রি অপারেটর রুবায়েত ও মাজেদুল ইসলাম। এর মধ্যে আহত ইসমাইলকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা নির্বাচন অফিসের কাজে ব্যবহৃত ল্যাপটপ ভাঙচুর করেন এবং অফিসিয়াল কাগজপত্র ছিড়ে ফেলেন।
আহত ডাটা এন্ট্রি অপারেটর নাসরিন আক্তার জানান, নারীদের স্মার্টকার্ড দেওয়ার লাইনে পুরুষ ঢুকিয়ে দেন ইউপি সদস্য স্বপন। এতে বাধা দিলে হামলা চালান তিনিসহ তাঁর দলবল। এ ছাড়া ফি না দিয়ে স্মার্টকার্ড নেওয়ার চেষ্টা করেন তিনি।
শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান জানান, লাইনে দাঁড়ানো ও অনিয়মের প্রতিবাদ করায় হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ঘটনাটি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। তাদের নির্দেশনা পেলে মামলাসহ পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, নির্বাচন কর্মকর্তারা থানায় এসেছিলেন, কিন্তু তাঁরা কোনো অভিযোগ করেননি। এ ছাড়া অভিযুক্ত ইউপি সদস্য সাইদুর রহমান স্বপনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
কমেন্ট বক্স