মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শেষ হলো প্রচার-প্রচারণা, ভোট গ্রহণ কাল

  • আপলোড তারিখঃ ২৪-০৭-২০১৯ ইং
শেষ হলো প্রচার-প্রচারণা, ভোট গ্রহণ কাল
আলমডাঙ্গার চিৎলা ইউপি চেয়ারম্যান পদে উপনির্বাচন আলমডাঙ্গা অফিস: রাত পোহালেই ভোটের লড়াই। উৎসব-উত্তেজনা, উদ্বেগ-উৎকণ্ঠা। আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান নির্বাচনের অপেক্ষায় ১৬ হাজার ৯৯৯ জন ভোটার। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও তাঁদের আনুষ্ঠানিক প্রচারণার ইতি টেনেছেন। নির্বাচনী লড়াইয়ে ব্যক্তি ইমেজ ও আত্মীয়তার বন্ধনই প্রাধান্য পাচ্ছে বেশি। এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন ঘিরে যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে। এখন শুধু রাত পোহানোর অপেক্ষা। কাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ ইউনিয়নে ভোট উৎসব শুরু হবে। পর্যাপ্ত পরিমাণ বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যও মাঠে রয়েছেন। গতকাল মঙ্গলবার মধ্যরাতেই শেষ হয়েছে মিছিল-মিটিংসহ সব ধরনের প্রচার-প্রচারণা। একই সঙ্গে বন্ধ হচ্ছে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের যান্ত্রিক যান চলাচল। জানা গেছে, চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রবিউল ইসলাম, বিএনপি মনোনীত মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আব্দুস সালাম বিপ্ল¬ব ও স্বতন্ত্র চশমা প্রতীকের প্রার্থী হাসানুজ্জামান সরোয়ার। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৯৯৯। তাঁদের মধ্যে পুরুষ ৮ হাজার ৪৯৯ জন ও মহিলা ৮ হাজার ৫০০ জন। ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নওদা হাঁপানিয়ায় মোট ভোটারের সংখ্যা ৮৫০ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৪৪০ জন ও মহিলা ভোটার ৪১০ জন। ২ নম্বর ওয়ার্ড হাঁপানিয়ায় মোট ভোটারের সংখ্যা ২ হাজার ৫৮৫ জন। তাঁদের মধ্যে পুরুষ ১ হাজার ২৯২ ও মহিলা ১ হাজার ২৯৩ জন। ৩ নম্বর ওয়ার্ড রুইতনপুরে মোট ভোটারের সংখ্যা ১ হাজার ৯১১। এর মধ্যে পুরুষ ৯৩৪ জন ও মহিলা ৯৭৭ জন। ৪ নম্বর ওয়ার্ড রুইতনপুর পূর্বপাড়ায় মোট ভোটারের সংখ্যা ১ হাজার ৭৪৭। এর মধ্যে পুরুষ ৮৭৫ ও মহিলা ৮৭২ জন। ৫ নম্বর ওয়ার্ড চিৎলায় মোট ভোটারের সংখ্যা ১ হাজার ৯০৮। এর মধ্যে পুরুষ ৯৫০ ও মহিলা ৯৫৮ জন। একই ওয়ার্ডের হুদাপাড়ায় মোট ভোটারের সংখ্যা ১ হাজার ৭। এর মধ্যে পুরুষ ৫৪৭ জন ও মহিলা ৪৬০ জন। ৬ নম্বর ওয়ার্ড আইন্দীপুরে মোট ভোটারের সংখ্যা ১ হাজার ৮৪। এর মধ্যে পুরুষ ৫৫২ জন ও মহিলা ৫৩২ জন। ৭ নম্বর ওয়ার্ড কয়রাডাঙ্গায় মোট ভোটারের সংখ্যা ২ হাজার ৫৬। এর মধ্যে পুরুষ ১ হাজার ৪৭ জন ও মহিলা ১ হাজার ৯ জন। ৮ নম্বর ওয়ার্ড গোকুলখালীতে মোট ভোটারের সংখ্যা ২৮১ জন। এর মধ্যে পুরুষ ১৪৯ ও মহিলা ১৩২ জন। একই ওয়ার্ডের গোপীনগরে মোট ভোটারের সংখ্যা ৬৪২। এর মধ্যে পুরুষ ৩১৮ ও মহিলা ৩২৪ জন। ৯ নম্বর ওয়ার্ড কুলপালায় মোট ভোটারের সংখ্যা ১ হাজার ৯২৩। এর মধ্যে পুরুষ ৯৩৯ ও মহিলা ৯৮৪ জন। এ দিকে চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে ত্রিমুখী লড়াই হবে বলেই মনে করছেন সাধারণ ভোটাররা। শেষ সময়ের প্রচারণায় এমন আভাসই মিলেছে। শেষ মুহূর্তে নির্বাচনী জয়-পরাজয়ের সমীকরণ মেলাতে ব্যস্ত সবাই। ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, সব প্রার্থীই ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণভাবে প্রচারণা শেষ করলেও সাধারণ ভোটারদের মধ্যে এক অজানা ভয় কাজ করছে। বিগত দিনের নির্বাচনের অভিজ্ঞতা থেকেই সাধারণ মানুষেরা ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি কম হওয়ার আশঙ্কা করছেন। তবে পুলিশের পক্ষ থেকে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। উল্লেখ্য, সদ্য সমাপ্ত আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান পদত্যাগ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করেন। এ কারণে ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হলে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান