আজ রাতে ঘটবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- আপলোড তারিখঃ
০২-০৭-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদন:
আজ মঙ্গলবার ঘটবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এটা শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১০টা ৫৫ মিনিট ১৮ সেকেন্ডে। শেষ হবে রাত ৩টা ৫০ মিনিট ৩৬ সেকেন্ডে। মঙ্গলবার রাতে শুরু হলেও প্রচলিত ইংরেজি (গ্রেগরিয়ান) ক্যালেন্ডার অনুযায়ী সূর্যগ্রহণটি শেষ হবে বুধবার (মঙ্গলবার দিবাগত শেষ রাতে) ভোর ৩টা ৫০ মিনিট ৩৬ সেকেন্ডে। সর্বোচ্চ সূর্যগ্রহণ হবে রাত ১টা ২৩ মিনিট শূন্য সেকেন্ডে। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.০৪৫৬। এ ছাড়া কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে রাত ১২টা ২ মিনিট ১৮ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে রাত ২টা ৪৩ মিনিট ৩৬ সেকেন্ডে। চলতি বছর ৬ জানুয়ারি শেষ সূর্যগ্রহণটি ঘটেছিল। আজকের পরে আবারো আরেকটি সূর্যগ্রহণ হবে চলতি বছরের ২৬ ডিসেম্বর। সামনের সূর্যগ্রহণটি দক্ষিণ ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান ও আরব দেশগুলো দেখতে পাবে। আবার সুমাত্রা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বোর্নিওতেও দেখা যাবে। রাতের বেলা হওয়ার কারণে বাংলাদেশ থেকে সূর্যগ্রহণ দেখা যাবে না। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ফ্রেঞ্চ পলিনেশিয়ার মুতুওয়ারা দ্বীপের দক্ষিণ-পূর্ব দিক থেকে শুরু হয়ে বলিভিয়ার মুরুকু শহরের দক্ষিণ-পূর্ব দিক পর্যন্ত গ্রহণটি দেখা যাবে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে। কেন সূর্যগ্রহণ হয়? মহাবিশ্বের সব কিছুই নিজ নিজ কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে এক সময় পৃথিবী ও সূর্যের মাঝখানে কিছু সময়ের জন্য একই সরল রেখায় অবস্থান করে। এ সময়টাকেই সূর্য গ্রহণ বলা হয়। কারণ তখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ দাঁড়িয়ে যায় বলে সূর্যকে দেখা যায় না, সূর্যের আলো পৃথিবীতে আসতে বাধাপ্রাপ্ত হয়। সূর্যের এ অবস্থাই সূর্যগ্রহণ। সূর্যের চেয়ে চাঁদ আমাদের কাছে বলে চাঁদটাকে বড় দেখায় এবং আমাদের চোখের সামনে চাঁদ থাকায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হলে সূর্যের কোনো অংশই দেখা যায় না। সূর্য কিরণকে পৃথিবীতে পতিত হতে বাধা দেয়। তখন পৃথিবীতে অন্ধকার নেমে আসে। আংশিক হলে ভিন্ন অবস্থা হয়। কয়েক হাজার কিলোমিটার পরে সূর্যকে দেখা যায়।
কমেন্ট বক্স